চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ১ আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাছির (২২) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
নাছির পতেঙ্গার চরপাড়া এলাকার বাসিন্দা। তিনি এ মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি।
এসআরবি-৭ জানায়, গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গা মডেল থানার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে সাইকেল চুরির সন্দেহে মোবারক ইসলামকে ধরে নিয়ে যান কয়েকজন। পরে তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরে একটি কক্ষে নিয়ে জানালার গ্রিলের সাথে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হলে তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement