গোপালগঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে বাসে আগুন দিলেন স্থানীয়রা

নয়া দিগন্ত ডেস্ক
গোপালগঞ্জে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল আরোহী, সাতক্ষীরায় মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মোটরসাইকেল চালক নিহত ও একজন গুরুতর আহত এবং ঠাকুরগাঁওয়ে এনজিওকর্মী নিহত হয়েছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বাসের চাপায় এক মোটরসাইকেল আরহী নিহত এবং ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধরা।
গতকাল বিকেলে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের গোপীনাথপুর ফাঁড়ির ইনচার্জ মো: ইকরাম হোসেন  জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। তিনি চন্দ্রদীঘলিয়া গ্রামের মৃত সুফি সাহেবের ছেলে।
এ ঘটনায় আহত হন ইজি বাইকে থাকা তিন যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ছাড়া  তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁওয়ে মোটরসাইকেল আরোহী নিহত 
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্রুতগামী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মেঘনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো: ছোটন আহমেদ (৩০)। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। কর্মস্থলের মালামাল সরবরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। তার গ্রামের বাড়ি  সোনারগাঁও এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে মোটরসাইকেলে কুরিয়ার সার্ভিসের মালামাল পৌঁছে দিতে যাচ্ছিলেন ছোটন। পথে সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায়  একটি বাসের সাথে সংঘর্ষে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরায় যুবক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা অবস্থায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে চালক মোস্তাকিম (২২) নামে এক যুবক নিহত ও গুরুতর আহত হয়েছে আরকে যুবক।  গতকাল দুপুরে আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহত মোটরসাইকেল চালক মোস্তাকিম সদর উপজেলার লাবসা ইউনিয়নের  দেবনগর গ্রামের মো: মোমিন আলী সরদারের ছেলে। 
তবে গুরুতর আহত আরোহী যুবকের নাম-পরিচয় তাক্ষণিক জানা যায়নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 
ঠাকুরগাঁওয়ে এনজিও কর্মীর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল রিপন চন্দ্র রায় (৩০) একজন নিহত হয়েছেন। তিনি পেশায় এনজিও কর্মী। গতকাল সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার ২৪ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপনচন্দ্র পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওতে মাইক্রোক্রেডিট সেকশনের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রদের ধাওয়ায় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামন থেকে ট্রাকটি আটক করে ঠাকুরগাঁও মোটর মালিক সমিতির সামনে রাখা হয়।

Advertisement