চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য আটক

 চট্টগ্রাম ব্যুরো
হাসিবুর রহমান (৩৯), তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও তিনি মাদক কারবারে জড়িত। গত ১৩ নভেম্বর ১০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।
ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) একটি বিশেষ দল এ অভিযান চালায়। এ সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়ি জব্দ করা হয়। গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭। এ ঘটনায় গ্রেফতার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

Advertisement