জন্মদাতা মা বাবার খোঁজে ৪৬ বছর পর ডাচ নাগরিক এখন ব্রাহ্মণবাড়িয়ায়

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা 
৪৬ বছর পরও জন্মদাতা মা-বাবাকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখছেন রাজীব। কাগজে লেখা নবীনগর প্যারাকান্দির ঠিকানাটি সত্য হলে হয়তো একদিন মিলবে তার হারিয়ে যাওয়া শিকড়, ফিরে পাবেন জন্মদাতা পরিবারের পরিচয়। শুধু কাগজপত্রে থাকা জন্মস্থানের ঠিকানা ও শৈশবের একটি ছবি সম্বল করে জন্মদাতা মা-বাবার  সন্ধান পেতে ৪৬ বছর পর হ্যারল্ড ডেভিড রাজীব নেদারল্যান্ডস থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্যারাকান্দিতে হন্যে হয়ে খুঁজছেন। 
রাজীবের কাগজপত্রে জন্মস্থান হিসেবে উল্লেখ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের প্যারাকান্দি গ্রামের নাম। সে জন্মের পর মাত্র তিন বছর বয়সে দত্তক হিসেবে চলে গিয়েছিলেন নেদারল্যান্ডসের এক পরিবারে। এরপর কেটে গেছে ৪৬ বছরের বেশি। সেই ঠিকানা সূত্র ধরেই জন্মদাতা মা-বাবার সন্ধানে এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। 
রাজীব বলেন, তার পাসপোর্ট ও বর্তমান পরিচয়পত্রের নাম হ্যারল্ড ডেবিট রাজীব। তিনি ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন কুমিল্লার নবীনগর প্যারাকান্দি গ্রামে। ১৯৮০ সালে তিন বছর বয়সে নেদারল্যান্ডসের এক পরিবার তাকে দত্তক নিয়ে চলে যান। ২০১৫ সালে তিনি জানতে পারেন বাংলাদেশে তার জন্ম। এটা জানার পর তিনি বাংলাদেশে আসার জন্য ব্যকুল হয়ে উঠেন এবং বাংলাদেশে আসেন। কিন্তু বাংলাদেশে এসে জন্ম পরিচয়ের কোনো কুল কিনারা না পেয়ে নেদারল্যান্ডসে ফিরে যান। গত ১২ নভেম্বর ফের বাংলাদেশে এসে নবীনগর প্যারাকান্দি যেহেতু তৎকালীন সময়ে কুমিল্লা জেলার অন্তর্গত ছিল, তাই তিনি কুমিল্লা সদরের ঝাউতল ও পুলিশ লাইন এলাকায় সাধারণ মানুষের হাতে নিজের শৈশব ও বর্তমান সময়ে ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে ডাচ নাগরিক রাজীব কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলী রাজিব মাহমুদের সাথে কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক তার জন্ম ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট নবীনগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে যোগাযোগ করে বলেন, আপনার পরিবারের সন্ধান পেতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা অব্যাহত থাকবে। 
সাংবাদিকদের রাজীব বলেন, নেদারল্যান্ডসে ভালো আছি, কিন্তু হৃদয়ের মাঝে একটা শূন্যতা থাকায় প্রতিদিন মনে হয় আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করছি। যত দিন মা-বাবাকে খুঁজে না পাবো তত দিন চেষ্টা চালিয়ে যাব।

Advertisement