নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ১ জনের মৃত্যু : অসুস্থ ২ শত

 নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা 
কিশোরগঞ্জের  নিকলী উপজেলায়  বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ রয়েছেন দুই শতাধিক।
জানা গেছে,  নিকলী  উপজেলার দামপাড়া ইউনিয়নের বরকান্দার আরজু মিয়ার মেয়ে তাসমিনের সাথে গত শুক্রবার  ১৩ নভেম্বর  সিংপুর ইউনিয়নের কাতিহাটি গ্রামের আক্কাস আলীর ছেলে স্বাধীনের (২০) বিয়ে অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে বরপক্ষের এবং কনেপক্ষের লোকজন কনের বাবার বাড়িতে আসেন। খাবার খাওয়ার পর মেহমানরা  বাড়িতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাতে অনেকেই নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে বরকান্দা গ্রামের মৃত ইউছুব আলী মাস্টারের ছেলে ডা. ফখরুল ইসলাম  কিরণের (৪৮) মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সে করে গ্রামে  কিরণের লাশ এলে বিয়েবাড়ির এ ঘটনাটির আলোচনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা বলেন, বিয়েবাড়ির খাবার খাওয়ার পর প্রায় ২০০ মানুষ অসুস্থ হয়ে পড়েন। কনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক; তাই বরের বাড়ির লোকজন কনেকে  বাবার বাড়িতে  পাঠিয়ে দিয়েছেন। এ বিষয়ে  নিকলী  থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ জানান, ঘটনাস্থলে ওসি তদন্তকে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফিরে এলে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলা যাবে। 
এস আই তুষার বলেন, বিয়েবাড়ির খাবার খেয়ে একজন মৃত্যুবরণ করেছেন এবং ১৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement