জলবায়ু তহবিল ব্যবহারে দুর্নীতিমুক্ত স্বচ্ছতা চায় জামায়াত
কপ৩১ ভেন্যুতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মাহববুল আলম সালেহী : নয়া দিগন্ত।
  •  প্রধানমন্ত্রীর ৫ দফা দাবির প্রতি সমর্থন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান
  •  সংবাদ সম্মেলন করতে বাধার অভিযোগ জামায়াতের এমপির


জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত জলবায়ু তহবিলের অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো এবং এর ব্যবহারে দুর্নীতি ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। একইসাথে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং তহবিল ব্যবহারের নিয়মিত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়েছে জামায়াত।
শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পক্ষ থেকে যে পাঁচটি দাবি উত্থাপন করেছেন, সেগুলোকে তারা স্বাগত জানান। তবে শুধু অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি পেলেই হবে না, সেই অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ যেন যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের শিকার না হয়, সে বিষয়ে কার্যকর
নজরদারি প্রয়োজন।
মাহবুবুল আলম সালেহী বলেন, অতীতে জলবায়ু তহবিলের আওতায় আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে অর্থ এলেও সেগুলোর ব্যবহার নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে ভবিষ্যতে যে অর্থ বরাদ্দ আসবে, তার প্রতিটি পর্যায়ের ব্যয়ের হিসাব ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারে জলবায়ু তহবিলের অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দেশটির ওপর। অথচ অতীতের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলো থেকে বাংলাদেশ যে পরিমাণ অর্থ পেয়েছে, তা প্রতিশ্রুত অর্থের ৯ শতাংশেরও কম। প্রাপ্ত অর্থের বড় অংশও অনুদানের পরিবর্তে ঋণ হিসেবে এসেছে। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ওপর নতুন করে ঋণের বোঝা চাপানো উচিত নয়। ভবিষ্যতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে অনুদানভিত্তিক তহবিল সংগ্রহে সরকারকে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের পরিবেশবিষয়ক থ্রি জিরো ভিশন তুলে ধরে মাহবুবুল আলম সালেহী বলেন, পরিবেশ রক্ষায় তাদের পরিকল্পনার তিনটি প্রধান লক্ষ্য হচ্ছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। অর্থাৎ বন্যার ঝুঁকি শূন্যে নামিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনায় শূন্য বর্জ্যরে লক্ষ্য অর্জন এবং পরিবেশের অবক্ষয় বন্ধ করা। কপ৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের পক্ষ থেকে এ তিনটি লক্ষ্য তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক বিষয় নয়। এটি বাংলাদেশের পাশাপাশি গোটা বিশ্বের অস্তিত্ব ও ভবিষ্যতের সাথে জড়িত। তাই এ সঙ্কট মোকাবেলায় সরকার ও বিরোধী দলসহ সব পক্ষকে একসাথে কাজ করতে হবে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ন্যায্য দাবি আদায় এবং প্রত্যাশিত জলবায়ু তহবিল সংগ্রহে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্যাভিলিয়নে সংবাদ সম্মেলন করতে বাধার অভিযোগ : এদিকে, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী অভিযোগ করেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন আয়োজনের জন্য গতকাল বেলা দেড়টার সময় নির্ধারিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ অসহযোগিতা করেছে।
তিনি বলেন, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি পরিবেশ প্রতিমন্ত্রী এবং প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সাথে কথা বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কপ৩১ সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনসংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে কপ৩১-এ জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Advertisement