
আলজাজিরা
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ার সময় কোনো প্রকাশ্য লিখিত বিবৃতি না দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নিউজম লেখেন, ‘আজ ডোনাল্ড ট্রাম্পের কোনো খোঁজ ছিল না। অথচ ৯/১১-এর পর আর কখনো এত বড় পরিসরে বিমানবন্দরে আটকে পড়েননি ১৫ লাখ মার্কিন নাগরিক।’ তিনি আরো বলেন, ‘তিনি আপনাদের পরোয়া করেন না।’
শুক্রবার চার ঘণ্টার মতো স্থগিত থাকার পর চালু হয় যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে টেলিকম বা অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় হঠাৎ গুরুতর ত্রুটি দেখা দেয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইট উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) ঘোষণা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর স্থানীয় সময় শুক্রবার ফ্লাইট চলাচলের ওপর দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি জানান, শুক্রবার বহির্গামী ফ্লাইটের ওপর জারি করা দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এফএএ। তবে কর্মকর্তারা এখনো এর কারিগরি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। হোয়াইট হাউজে প্রেস ব্রিফিংয়ে শন ডাফি জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে।
সাংবাদিকদের তিনি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। এমন বিপর্যয়ের পেছনে ‘পুরনো হার্ডওয়্যার’-এর কথা উল্লেখ করে বিভ্রাটের জন্য অতিরিক্ত চাপের মুখে পড়া সুইচ এবং রাউটারকে দায়ী করেছেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








