
ওয়াশিংটন পোস্ট
ব্রিটেনে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) লাকেনহিথের আকাশে অনুমতি ছাড়া ড্রোনের সন্দেহজনক উপস্থিতি শনাক্তের পর জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যায় পূর্ব ইংল্যান্ডের সাফোক কাউন্টিতে অবস্থিত ঘাঁটিটিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর হন। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, বিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
মার্কিন ইউরোপীয় কমান্ডের এক মুখপাত্র জানান, ঘাঁটির নিরাপত্তা বাহিনী সন্দেহজনক ড্রোন তৎপরতার জবাব দিয়েছে। ঘাঁটির স্থাপনা, বিমান ও সেনাসদস্যদের নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে। সংবেদনশীল সামরিক বিষয়ে কথা বলার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এসব তথ্য জানান। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আরএএফ লাকেনহিথে অনুমতিহীন ড্রোন চলাচলের খবর পাওয়ার পর মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা ব্যবস্থা নেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কী ঘটেছিল, তা জানতে মার্কিন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করছে ব্রিটেন।
ড্রোনের উপস্থিতির পর ঘাঁটিতে অবস্থানরত সেনা সদস্যদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। এ বিষয়ে কর্মীদের কাছে পাঠানো সতর্কবার্তায় ‘রিয়েল ওয়ার্ল্ড’ লেখা ছিল, যা কোনো মহড়া নয়, বরং বাস্তব পরিস্থিতির ইঙ্গিত দেয়। ঘাঁটির সাইরেনও শোনা যায়। পরে স্থানীয় সংসদ সদস্য নিক টিমোথি জানান, ঘাঁটির কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন, সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই এবং পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে পূর্ব ইংল্যান্ডের আরেকটি মার্কিন ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে ১২টির বেশি সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে ছিল তিনটি অসপ্রে হেলিকপ্টার ও ১০টি কেসি-১৩৫আর জ্বালানি সরবরাহকারী বিমান। এসব বিমান যুক্তরাজ্যের অন্য ঘাঁটি, স্পেন ও জার্মানিতে স্থানান্তর করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়েছিল, ইরানের সম্ভাব্য হুমকির কারণে জ্বালানি সরবরাহকারী বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে। তবে মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তারা স্থানান্তরের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেননি। তারা নিরাপত্তা ও সামরিক কার্যক্রমের গোপনীয়তার কথা উল্লেখ করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








