নেতানিয়াহুর বর্ণবাদী প্রচারণার কঠোর নিন্দা আইজেনকোটের
নেতানিয়াহুর বর্ণবাদী প্রচারণার কঠোর নিন্দা আইজেনকোটের।

আলজাজিরা
ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারণার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী হতে চলা গাদি আইজেনকোট। তিনি বলেছেন, নেতানিয়াহু নির্বাচনের সময় ইসরাইলি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালিয়েছেন। ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোট শুক্রবার দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন।
আইজেনকোট এক্স পোস্টে বলেছেন, ইসরাইলের আরব নাগরিক, যারা দেশের মোট জনসংখ্যার ২১ শতাংশের বেশি। অথচ নির্বাচনী প্রচার শুরুর প্রথম থেকেই তারা বর্ণবাদী ও সহিংস প্রচারণার শিকার হচ্ছেন। রাজনৈতিক স্বার্থে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা তাদের বৈধতা অস্বীকার করার মতো উসকানি দিচ্ছেন। আইজেনকোট লিখেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হবেন দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী, এমনকি যারা তাকে ভোট দেয়নি তাদেরও। ইসরাইলের আরব নাগরিকরা ইসরাইলি ইতিহাসের অংশ। তাদের কোণঠাসা করে রাখা ও একটি গোষ্ঠী হিসেবে বদনাম করার চেষ্টা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।
ইসরাইলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আইজেনকোটের চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্য দিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩ আসন। এ ছাড়া ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করেছে। নির্বাচনের ফল অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই পায়নি। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারসাজির অভিযোগ তুলেছেন।
তবে সেসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং ইসরাইলের নির্বাচন কর্তৃপক্ষও অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর রক্তক্ষয়ী হামলার পর গাজার হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করতে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহু বারবার আরব নেতৃত্বাধীন দলগুলোর সমালোচনা করেছেন। যদিও ইসরাইলের রাজনৈতিক দলগুলোর সব নেতাই হামাসের নেতৃত্বাধীন হামলার নিন্দা জানিয়েছিলেন। আইজেনকোট বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। এমনকি তাদের কারো কারও প্রতি গভীর বিদ্বেষী মনোভাবও থাকতে পারে। কিন্তু একটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে অপবাদ দেয়া যায় না, দেয়া উচিত নয় এবং আমি তা হতে দেবো না।

Advertisement