তুরস্ক-কাতার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই
ইস্তাম্বুলে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি : ইন্টারনেট।

আনাদোলু এজেন্সি
তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ মোট পাঁচটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দেশের উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠকে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। গত শুক্রবার ইস্তাম্বুলের প্রেসিডেনশিয়াল দোলমাবাহচে কার্যালয়ে দ্বিপক্ষীয় ও প্রতিনিধি দল পর্যায়ের বৈঠক শেষে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সরাসরি উপস্থিতিতে দুই শীর্ষ নেতা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি দুই দেশের মধ্যে অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ভোক্তা সুরক্ষা, বাজার তদারকি এবং পরিদর্শন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি। শিক্ষাগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আরেকটি চুক্তিতে সই করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি। এ ছাড়া শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সঙ্ঘাত নিরসনে যৌথভাবে কাজ করার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এই সমঝোতা স্মারকে সই করেন। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উচ্চ কৌশলগত কমিটির দ্বাদশ বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন।
তুরস্ক ও কাতারের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির ফলে উপসাগরীয় দেশটিতে তুরস্কের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পথ খুলতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তুরস্কের আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক এবং দেশটির দৈনিক আকসামের কলাম লেখক ইউসুফ আলাবারদা।
আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আলাবারদা বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলসহ আশপাশের সব দেশই এর প্রভাব অনুভব করছে। কোনো দেশই এখন নিজেদের নিরাপদ মনে করছে না।’ তিনি বলেন, দোহায় ইসরাইলের হামলা উপসাগরীয় দেশগুলোকে, বিশেষ করে কাতারকে, একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। তা হলো, ইসরাইলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তার নিশ্চয়তা যথাযথভাবে কাজ করছে না। অলাবারদা জানান, ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির বৈঠকের সময় চুক্তিটি সই হয়েছে। এটি প্রমাণ করে, বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক ও কাতার ইতোমধ্যে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে। বর্তমানে কাতারে তুরস্কের সেনাসদস্য মোতায়েন রয়েছে। তবে নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক সহযোগিতা আরো বিস্তৃত হতে পারে বলে মনে করেন আলাবারদা। তার মতে অদূর ভবিষ্যতে কাতারে তুরস্কের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, কামান, বিভিন্ন ধরনের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। তিনি আরো বলেন, ‘তুরস্কের দৃষ্টিকোণ থেকে কাতারের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ নতুন এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান সঙ্ঘাতের প্রেক্ষাপটে কাতারের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশটির সাথে তুরস্কের সামরিক সম্পর্কও আরো গভীর হতে পারে।

Advertisement