ঢাকায় নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের আন্তর্জাতিক প্রদর্শনী সমাপ্ত

 

Advertisement

 

 


রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। গত ১২ নভেম্বর শুরু হওয়া এসব প্রদর্শনীতে দেশী-বিদেশী প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পেশাজীবী, বিনিয়োগকারীরা অংশ নেন।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত প্রদর্শনীগুলোর মধ্যে ছিল ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী ও ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬; ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬ এবং অষ্টম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬। এ ছাড়া অনুষ্ঠিত হয় অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।
নির্মাণ ও আবাসন খাতের প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি ও সরঞ্জাম, নির্মাণপ্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং উপকরণ, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি পণ্য প্রদর্শিত হয়। পাশাপাশি আবাসন প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন প্রকল্প, পণ্য ও সেবা উপস্থাপন করে। এসব আয়োজন আবাসন খাতের উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি করে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রদর্শনীতে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক লাইটিং প্রযুক্তির বিভিন্ন পণ্য ও সমাধান তুলে ধরা হয়। সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার, মাউন্টিং সিস্টেম, এলইডি ও স্মার্ট লাইটিং প্রযুক্তি ছিল এসব প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।
অন্যদিকে, অষ্টম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬-এ পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ, পানি বিতরণ এবং স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হয়। এতে পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তির সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন করে।
এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। পাঁচ শতাধিক বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা উপস্থাপন করে। প্রদর্শনীগুলো দেশী-বিদেশী প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখে।
এদিকে, একই সময়ে ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হয় ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবাল যৌথভাবে আয়োজিত এ উৎসবে স্থপতি, আবাসন খাতের উদ্যোক্তা, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তি, শিল্পপ্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।