রাজশাহী পুলিশ লাইনস কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ

রাজশাহী ব্যুরো
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে নতুন ভবন নির্মাণ ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইয়েলো বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। গতকাল কলেজ প্রাঙ্গণে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশা। 
শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইয়াকুব আলী। এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং কর্মক্ষেত্রেও মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। তাদের সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। 
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইয়েলো বাসের ব্যবস্থারও চেষ্টা করা হবে। এ প্রতিষ্ঠানের সমস্যাকে সবার সমস্যা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Advertisement