পিসিআইইউর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের দৈনিক পূর্বকোণ কার্যালয় পরিদর্শন


সংবাদ প্রকাশনার বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব ধারণা অর্জন এবং শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ কার্যালয় পরিদর্শন করেন। বিভাগের সভাপতি দিলরুবা আক্তার ও কোর্স শিক্ষক গিয়াস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে এই মিডিয়া ভিজিট অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে শিক্ষার্থীরা পত্রিকাটির নিউজরুম, সম্পাদকীয় বিভাগসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় পূর্বকোণের অভিজ্ঞ সাংবাদিকরা সংবাদ সংগ্রহ, যাচাই-বাছাই, সম্পাদনা, পেজ মেকআপ ও সংবাদ প্রকাশের বিভিন্ন ধাপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ, নৈতিকতা ও দায়িত্বশীলতা নিয়েও তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় দৈনিক পূর্বকোণের মিডিয়া ও মাল্টিমিডিয়া অফিসার সরোয়ার উদ্দিন বলেন, ব্যবহারিক জীবনে হাতে-কলমে শেখার অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকর। এ ধরনের শেখার সুযোগ তৈরি করতে তারা আগ্রহী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত মিডিয়া হাউজে এসে বাস্তব অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান। বিভাগের সভাপতি দিলরুবা আক্তার বলেন, সাংবাদিকতা হাতে-কলমে শেখার বিষয়। মিডিয়া হাউজের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করলে শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি আরো শক্তিশালী হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।

Advertisement