
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামকে ক্লিন, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক দল এবং নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেন দায়িত্ব নেয়ার পর থেকেই নগরবাসীকে সেবা ও স্বস্তি দিতে কাজ করে যাচ্ছেন। তবে তার উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ প্রচার হচ্ছে না। শুধু সিটি করপোরেশন নয়, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও মানুষের সামনে তুলে ধরতে হবে।
গতকাল নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চসিকের সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বললেন।
তিনি বললেন, বিএনপি সরকার গঠনের আগেই ডা. শাহাদাত হোসেন নগরীর উন্নয়নে কাজ শুরু করেছিলেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার সাথে সামঞ্জস্য রেখে তিনি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন।
চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চসিক প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন। রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন। চসিকের দায়িত্ব নেয়ার পর তার বিভিন্ন উদ্যোগেও সেই অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।
চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। চসিকের দুই বছরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতিথিরা ‘উন্নয়নের অগ্রযাত্রায় চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন- চট্টগ্রাম-৯ আসনের এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও আবুল হাসেম বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক এস এম নছরুল কদির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নকে সবার অভিন্ন লক্ষ্য হিসেবে নিতে হবে।
দায়িত্ব নেয়ার সময় সংস্থার দেনা ছিল প্রায় ৫৯৬ কোটি টাকা। দুই বছরে তা কমে প্রায় ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে ব্যাংকে চসিকের প্রায় ২০০ কোটি টাকা জমা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত পাওনা আদায় হলে অবশিষ্ট দেনা পরিশোধ করার পরও চসিকের উদ্বৃত্ত অর্থ থাকবে। এ সময় পৌরকর আদায়ে চসিক আগের রেকর্ড ছাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








