
অর্থনৈতিক প্রতিবেদক
লভ্যাংশ ঘোষণা করার পরও নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ঘোষিত লভ্যাংশ বুঝিয়ে না দেয়া এবং তালিকাভুক্তির বিধিমালা লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে দুই বোর্ডে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ১০ প্রতিষ্ঠানের মধ্যে ডিএসইর মূল বোর্ডে ছয়টি ও এসএমই বোর্ডে চারটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।
বিএসইসির পক্ষ থেকে ১০ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে ২৯ কোটি টাকারও বেশি অর্থদণ্ড দেয়া হয়েছে, যার মধ্যে এককভাবে সর্বোচ্চ ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানার কবলে পড়েছে মূল বোর্ডে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি লুব-রেফ। এ ছাড়া একই বোর্ডে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, অ্যাডভেন্ট ফার্মা ও জেনেক্স ইনফোসিস লিমিটেড জরিমানার আওতায় রয়েছে। অন্য দিকে এসএমই বোর্ডে তালিকাভুক্ত চার কোম্পানি বিডি পেইন্টস, ওরিজা অ্যাগ্রো, কৃষিবিদ সিডস ও মামুন অ্যাগ্রো প্রোডাক্ট রয়েছে নিয়ন্ত্রক সংস্থার জরিমানায় আওতায়। বিএসইসি সূত্রে জানা গেছে, সংস্থাটি সম্প্রতি এ-সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
কমিশনের জারি করা ওই আদেশে স্পষ্টভাবে সতর্ক করে দেয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই জরিমানা পরিশোধে ব্যর্থ হলে দায়ী প্রত্যেক ব্যক্তিকে পরবর্তী প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত এসব প্রতিষ্ঠান কেবল লভ্যাংশ বিতরণেই গড়িমসি করেনি, বরং নিয়মানুযায়ী বাধ্যতামূলক প্রতিবেদনও কমিশনে জমা দেয়নি। এমনকি এ বিষয়ে বিএসইসি থেকে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও বেশ কয়েকটি কোম্পানি কোনো ধরনের সাড়া দেয়নি। এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম গণমাধ্যমকে জানান, শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড সময়মতো পরিশোধ না করার অপরাধেই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদকে এই আর্থিক দণ্ড দেয়া হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সদস্যদের ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে ১০টি কোম্পানির পর্ষদের অন্তত ৫০ জন সদস্য এই শাস্তি আওতায় এসেছেন।
কোম্পানিগুলোর পক্ষ থেকে ইতোপূর্বে প্রকাশ করা বিভিন্ন তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে অধিকাংশ কোম্পানি মুনাফা করলেও সিকিউরিটিজ আইন মেনে শেয়ারহোল্ডারদের হাতে ক্যাশ ডিভিডেন্ড তুলে দেয়নি। বিএসইসির প্রচলিত বিধি অনুযায়ী, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ আলাদা ব্যাংক হিসাবে জমা রাখতে হয় এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা বিনিয়োগকারীদের পরিশোধ করতে হয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে তা আইন লঙ্ঘন ও বাজার কারসাজির শামিল হিসেবে গণ্য হয়, যার ফলে কোম্পানিগুলো ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যাওয়ার ঝুঁকিতেও পড়ে।
জরিমানার শিকার ১০ প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে থাকা লুব-রেফের চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইমরান আজাদের প্রত্যেককে দুই কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
তালিকার পরবর্তী অবস্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীর প্রত্যেককে দুই কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। কমিশনের আদেশ অনুযায়ী এসএমই বোর্ডের বিডি পেইন্টসের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মীম, ব্যবস্থাপনা পরিচালক বেলাল খান ও পরিচালক মারুফুল ইসলাম তারুণকে ৯৭ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে।
এ ছাড়া ওরিজা অ্যাগ্রোর চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীর প্রত্যেককে ৪৭ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অন্য দিকে কৃষিবিদ সিডের চেয়ারম্যান ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো: শাহজাহান, মো: ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনকে জনপ্রতি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বাকি পাঁচটি কোম্পানির পর্ষদ সদস্যদের সর্বোচ্চ ২০ লাখ থেকে সর্বনিম্ন এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মূল বোর্ডের সাফকো স্পিনিং মিলসের চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন ও পরিচালক সৈয়দ সাকেব আহমেদ এবং মামুন অ্যাগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ, পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভা।
দণ্ডিতদের এ তালিকায় আরো রয়েছেন প্যাসিফিক ডেনিমসের চেয়ারম্যান শাদেকুল আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম (মহসিন), পরিচালক সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়া, অ্যাডভেন্ট ফার্মার চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম ও পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো: তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদ। তালিকায় আরো রয়েছে মূল বোর্ডে থাকা জেনেক্স ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার।
এ দিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকের মধ্যে দু’টির উন্নতি ঘটলেও এ সময় বাজারটির মূলধনের অবনতি ঘটেছে। ছয় লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি টাকা মূলধন নিয়ে সপ্তাহ শুরু করা পুঁজিবাজারটির মূলধন সপ্তাহান্তে নেমে আসে ছয় লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি টাকায়। আর এভাবে দেশের প্রধান পুঁজিবাজারটি তিন হাজার ৬৩৪ কোটি টাকা মূলধন হারায়। মূলত মৌলভিত্তি ও মূলধন ভিত্তিতে এগিয়ে থাকা কোম্পানি নিয়ে গড়া ডিএসই ৩০ সূচকের অবনতির ফলে বাজার মূলধনের এই অবনতি ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








