৪০ শতাংশ আক্রান্ত জানেন না তার ডায়াবেটিস আছে

নিজস্ব প্রতিবেদক 

Advertisement

বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু তাদের প্রায় ৫৪ লাখ, অর্থাৎ ৩৯ শতাংশের বেশি জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। অন্য দিকে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দুই কোটি ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে আগাম পদক্ষেপ’ (আরলি অ্যাকশন অন ডায়াবেটিস)। রোগটি দ্রুত শনাক্ত করা, সময়মতো চিকিৎসা শুরু এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানোর ওপর এবার বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ডায়াবেটিসের প্রকোপ ও আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশে ডায়াবেটিসের পাশাপাশি প্রি-ডায়াবেটিস বা ডায়াবেটিস হওয়ার আগের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন প্রায় এক কোটি ৯১ লাখ মানুষ। 
বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস-২০২২) তথ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের ১৭ শতাংশ এবং পুরুষদের ১৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। ২০১৭-১৮ সালের জরিপে নারীদের মধ্যে এ হার ছিল ১০ শতাংশ এবং পুরুষদের ১১ শতাংশ; অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে নারী-পুরুষ উভয়ের মধ্যেই ডায়াবেটিসের প্রকোপ বেড়েছে। জরিপে শহর ও গ্রামের মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। শহরের নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ২৪ শতাংশ, গ্রামে ১৪ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে শহরে ওই হার ২১ শতাংশ এবং গ্রামে ১৩ শতাংশ। অতিরিক্ত ওজন ও স্থূলতার সাথে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। স্থূল নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ৩২ শতাংশ, স্বাভাবিক ওজনের নারীদের ক্ষেত্রে ১৪ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ২২ ও ১৫ শতাংশ। 
বিশেষজ্ঞদের মতে, নগরায়ন, কায়িক পরিশ্রমের অভাব, দীর্ঘ সময় বসে কাজ করা, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার, কোমল পানীয় ও ফাস্টফুড গ্রহণ, স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষের মধ্যে দীর্ঘ সময় অফিসে বসে থাকা, অনিয়মিত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের সুযোগ কম থাকা এবং মানসিক চাপের কারণে ঝুঁকি বাড়ছে। 
ডায়াবেটিস অনেক ক্ষেত্রে দীর্ঘদিন কোনো উপসর্গ প্রকাশ ছাড়াই থাকতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি নিজের অজান্তেই রোগটি বহন করেন। অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্লান্তি, ক্ষুধা বৃদ্ধি, অকারণে ওজন কমে যাওয়া এবং চোখে ঝাপসা দেখার মতো লক্ষণ দেখা দিতে পারে। তবে এসব লক্ষণ না থাকলেও ডায়াবেটিস থাকতে পারে। এ কারণে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করা জরুরি। 
সময়মতো রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া, স্নায়ুর ক্ষতি ও পায়ের ক্ষতসহ নানা জটিলতা দেখা দিতে পারে। ডায়াবেটিসের কারণে কিডনি ও হৃদরোগের ঝুঁকিও বাড়ে। এসব জটিলতা রোগীর ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়তি চাপ সৃষ্টি করে।  
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। এর মধ্যে ডায়াবেটিস অন্যতম। সংস্থাটি বলছে, ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়; খাদ্যাভ্যাস, নগর পরিকল্পনা, পরিবহন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটা ও ব্যায়াম, পরিমিত খাবার গ্রহণ, অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার পরিহার, ওজন নিয়ন্ত্রণ ও ধূমপান থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি পরিবারে ডায়াবেটিসের ইতিহাস, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও শারীরিক নিষ্ক্রিয়তার মতো ঝুঁকি থাকলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।