সৌদি রুটে ১৮৯ ফ্লাইট বাতিল রিয়াদ ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

হাউছিদের ছোড়া মিসাইল হামলার জেরে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। 
সম্প্রতি দাম্মামের পরিস্থিতি স্বাভাবিক হলেও অদ্যাবধি রিয়াদের নিরাপত্তা ব্যবস্থার কোনো ধরনের উন্নতিই হয়নি। যার দরুন রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের আকাশপথ এখনো বিচ্ছিন্ন রয়েছে। এরই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকা থেকে রিয়াদ ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 
গত ১১ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধন্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। 
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র কাওছার মাহমুদ জানিয়েছেন, সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় সমস্যা দেখা দেয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ মোট ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব বাতিল হওয়া ফ্লাইটের মোট ২৩ হাজার ২৭৪ জন যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে যথাসময়ে যেতে পারেননি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) নয়া দিগন্তকে আগেই জানিয়েছিলেন, রিয়াদ ফ্লাইট বন্ধ হওয়ার পর বিকল্প পথে অনেক যাত্রী সৌদি আরবে চলে গেছেন। বাকিরাও বিকল্প পথে যাওয়ার উদ্দেশ্যে টিকিট পরিবর্তন করছেন।