
- অভিযোগের শীর্ষে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের নেতাদের নাম
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নের মুখে
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের লক্ষ্য করে হামলা, প্রাণনাশের হুমকি, অনলাইনে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতার ওপর হামলা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নাম।
গত ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সাবেক সমন্বয়ককে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিয়ে হামলা করা হয় । ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরদিন ১১ নভেম্বর এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারের তথ্য অনুযায়ী, হাসিব ও তার সাথে থাকা নারীর অটোরিকশার গতিরোধ করে হামলাকারীরা। হাসিবের মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়ার চেষ্টা করা হলে তিনি বাঁ হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার হাতে গুরুতর জখম হয়। অন্যরা তাকে লাঠি ও রড দিয়ে আঘাত করে বলে এজাহারে বলা আছে।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানিয়েছেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। প্রধান আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর এক দিন পর, ১২ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুসরাতের অভিযোগ, বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেয়া হয়েছে। এ ঘটনার জন্য তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।
নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেয়া হয়। পরে আরো কয়েকটি নম্বর থেকে হুমকির ফোন আসে। এ ঘটনায় ১১ নভেম্বর ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তার অভিযোগ, জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল। ১২ নভেম্বর বাড়িতে আগুন লাগার ঘটনায় তিনি দৌলতপুর থানায় মামলা করেন। এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতাসহ সব দিক খতিয়ে দেখতে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার তাদের নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্ট করে জানিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, জুলাইয়ের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলার চেষ্টা চলছে। পতিত আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট শক্তি এসব ঘটনার পেছনে রয়েছে। তবে এতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিশালী ভূমিকা এখনো দেখতে পাইনি।
আওয়ামী লীগসংশ্লিষ্ট পেজ থেকে অপপ্রচারের অভিযোগ
শুধু সরাসরি হামলা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও আন্দোলনকারীদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা সামনে এসেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি দলটির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে আন্দোলনের ঘটনা ভিন্নভাবে উপস্থাপন এবং আন্দোলনকারীদের ব্যক্তিগতভাবে আক্রমণ অব্যাহতভাবে করে যাচ্ছে। দেখা গেছে, আওয়ামী লীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজে শ্রমিক আন্দোলনের ভিডিও দাবি করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের একটি পুরনো ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে আহত এক আন্দোলনকারীকে অন্যদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানাতে দেখা যায়। পুরনো ভিডিওকে নতুন ঘটনার বলে প্রচার করায় এর প্রকৃত প্রেক্ষাপট নিয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কা রয়েছে। এ দিকে ১২ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টেও জুলাইয়ের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানের পর থেকেই নেতৃত্বে থাকা ব্যক্তিদের হুমকি দেয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের নাম উল্লেখ করেও হুমকি দেয়া হয়েছে।
নারী নেত্রীদের চরিত্রহনন ও ব্যক্তিগত আক্রমণ
জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত নারী নেত্রীদের অনলাইন হেনস্তার ধরন আরো বেশি ব্যক্তিগত ও নারীবিদ্বেষী। তাদের রাজনৈতিক বক্তব্যের সমালোচনার পাশাপাশি শারীরিক গঠন, পোশাক, ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে আক্রমণ করা হচ্ছে। এমনকি যৌন হয়রানিমূলক মন্তব্য ও সহিংসতার হুমকিও দেয়া হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে আলোচনায় আসা ১৫ নারীকে নিয়ে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রকাশিত ১৩৯টি ফেসবুক পোস্ট পর্যালোচনা করা হয়। এতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সম্পৃক্ততা পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, ১৩৯টি পোস্টের প্রায় দুই-তৃতীয়াংশে যৌন ইঙ্গিতপূর্ণ গালিগালাজ, নারীর চরিত্র নিয়ে অবমাননাকর মন্তব্য কিংবা যৌনভাবে হেয় করার চেষ্টা ছিল। অন্তত ১১টি পোস্টে ধর্ষণ বা অন্য ধরনের সহিংসতার হুমকিও পাওয়া যায়। ১৫ নারীর মধ্যে ১২ জনকে একাধিক রাজনৈতিক গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে শীর্ষে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হামলার অভিযোগ বিএনপির নেতাকর্মীদের নামও এসেছে
জুলাইয়ের নেতাদের ওপর হামলার অভিযোগে শুধু আওয়ামী লীগ বা ছাত্রলীগের নাম আসেনি। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় এনসিপির যুবশক্তির নেতা তাওহীদুল ইসলাম তাওহীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, স্থানীয়ভাবে ধলেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানোর পর হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, নৌপুলিশ ফাঁড়ি থেকে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে তাওহীদুল ইসলাম আহত হন। ফতুল্লা মডেল থানার পুলিশ জানিয়েছিল, মামলা হওয়ার পরও তখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন
এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, জুলাইয়ের নেতাদের ওপর হামলা, হুমকি ও অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আমাদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের পরও তাদের নিরাপত্তা নিশ্চিত করা, হুমকিদাতাদের শনাক্ত করা এবং হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের ক্ষেত্রে কার্যকর অগ্রগতি আমরা দেখতে পাচ্ছিনা।
যা বলছেন রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ১২ নভেম্বর জাতীয় সংসদে বলেন, সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করে জানানোর দাবি করেন তিনি। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তারা নিজেদের নিরাপত্তার পথ নিজেরাই দেখবেন বলে জানান তারা।
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা কী, তা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন। ১২ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি ঘটনাটিকে ‘কাপুরুষোচিত’ হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে এর জন্য ‘উচ্চমূল্যে খেসারত’ দিতে হবে। এ ধরনের ঘটনার পর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে তালিকা প্রকাশ করেছে। সাম্প্রতিক হামলা ও হুমকির ঘটনাগুলো সেই ধারাবাহিকতারই প্রকাশ। তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে জুলাইয়ের নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না।
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, ফ্যাসিবাদী চিন্তাধারা ধারণকারীদের প্রধান লক্ষ্য এনসিপি। জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সমন্বয়কদের সরিয়ে দিতে পারলে দেশে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। একই সাথে হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী বলেন, বারবার হামলা ও হুমকির ঘটনা ঘটলেও তা ঠেকাতে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারের মধ্যে এসব ঘটনা অস্বীকার করার প্রবণতাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বারবার ঘটতে থাকা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য প্রতিষ্ঠা না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।
বিশ্লেষকদের মতে, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সাথে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব অভিযোগের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমান ভূমিকা নিশ্চিত করার প্রয়োজন।
সংসদে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি। পুরনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








