হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট
হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট।

বিশেষ সংবাদদাতা

Advertisement

শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলা, এনসিপি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড এবং বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত- সব মিলিয়ে নতুন করে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ। 
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে বিশেষভাবে উদ্বেগজনক গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলা। গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অন্তত ১৮টি শাখা হামলার শিকার হয়েছে বলে ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় দু’টি কার্যালয়ে হামলার কথা উল্লেখ করা হয়েছে। অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুর এবং বোমাসদৃশ বস্তু রাখার মতো ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এই ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এসব হামলা শুধু একটি আর্থিক  প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; গ্রামীণ পর্যায়ে ঋণ, সঞ্চয়, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তার প্রশ্নও সামনে এনেছে।
রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের কার্যকারিতা, কূটনৈতিক সম্পর্ক এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাড়ছে। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ বিচ্ছিন্ন ঘটনাগুলোর তদন্তের পাশাপাশি এসব হামলার পেছনে কোনো সমন্বিত নেটওয়ার্ক কাজ করছে কি না, তা নিরপেক্ষভাবে শনাক্ত করা।
গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্বেগ
দেশজুড়ে চলমান সহিংসতার মধ্যে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ১০ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা গেছে। শাখাটির দরজার একটি অংশ পুড়ে গেলেও ভেতরের সম্পদের বড় ক্ষতি হয়নি। একই দিন নেত্রকোনার সদর উপজেলার আমতলা শাখার প্রবেশপথে আগুন দেয়া হয়। নৈশপ্রহরী আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। এর আগে ১৪ অক্টোবর নেত্রকোনার মুগাটি শাখায় একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
১১ নভেম্বর পাবনার সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দেয়া হয়। হামলাকারীরা সাইনবোর্ডে আগুন দেয়ার পাশাপাশি জানালার কাচ ভাঙচুর করে। স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
১২ নভেম্বর নেত্রকোনার চালিশা বাজারে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার সামনে টেপ দিয়ে মোড়ানো দু’টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। কক্সবাজার সদরেও একটি শাখায় অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়েছে।
১৮টি শাখায় হামলার পরিসংখ্যান প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হাজার হাজার ঋণগ্রহীতা, বিশেষ করে গ্রামীণ নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক লেনদেন পরিচালিত হয়। এসব কার্যালয়ে হামলার ফলে ঋণ বিতরণ, কিস্তি সংগ্রহ, সঞ্চয় ও অন্যান্য আর্থিক সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এখানে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফলে ব্যাংকটির ওপর হামলাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ড. ইউনূসের সাথে প্রতিষ্ঠানের ঐতিহাসিক ও প্রশাসনিক সম্পর্ক এবং ব্যাংকের শাখায় হামলার অপরাধমূলক দায়- দু’টি পৃথক বিষয়। 
পুলিশ ও গোয়েন্দা সংস্থার উচিত ১৮টি ঘটনার সময়, স্থান, হামলার ধরন, ব্যবহৃত উপকরণ, হামলাকারীদের পরিচয় এবং সম্ভাব্য যোগাযোগের মধ্যে কোনো মিল রয়েছে কি না, তা যাচাই করা। হামলাগুলো বিচ্ছিন্ন অপরাধ, নাকি পরিকল্পিতভাবে একটি আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে- তদন্তে তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
শেখ হাসিনার প্রত্যাবর্তন বিতর্কে ঢাকা-দিল্লি সমীকরণ
জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত আবেদন নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরো আলোচনায় আসে। তবে আবেদনসংক্রান্ত খবর, দেশে ফেরার রাজনৈতিক পরিকল্পনা এবং প্রত্যাবর্তনের বাস্তব আইনি সুযোগ- এগুলো পৃথক বিষয় হিসাবে আলোচনায় আসছে।
সরকারের অবস্থান, ভারতের ভূমিকা, প্রত্যর্পণ চুক্তি এবং সংশ্লিষ্ট বিচারিক প্রক্রিয়া- সবকিছুই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, প্রত্যর্পণের বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই বিবেচিত হবে। ফলে রাজনৈতিক বক্তব্যের বাইরে বাস্তব অগ্রগতি নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক সিদ্ধান্ত ও আইনি কাঠামোর ওপর।
এদিকে বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া দুই দেশের সম্পর্কের চলমান জটিলতার নতুন ইঙ্গিত দিয়েছে। ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় বৈঠকটি হওয়ার কথা ছিল। ভারত বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রে প্রকাশিত হয়েছে।
আলোচনায় সীমান্ত ব্যবস্থাপনা, কথিত অবৈধ পুশইন, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তার মতো বিষয় থাকার কথা ছিল। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্ন, সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন ও বাণিজ্য- সব ক্ষেত্রেই জাতীয় স্বার্থভিত্তিক কূটনৈতিক আলোচনা এগিয়ে নেয়া প্রয়োজন।
নুসরাতের বাড়িতে আগুন : সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধী দল
কুষ্টিয়ায় এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।
এ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। এনসিপি বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। দলটির পক্ষ থেকে সিসিটিভি ফুটেজে বাইরে থেকে আগুন ছোড়ার দৃশ্য থাকার দাবি করা হয়েছে।
ঘটনাটির প্রকৃত কারণ নির্ধারণে অগ্নিকাণ্ডের বৈজ্ঞানিক পরীক্ষা, সিসিটিভি ফুটেজের স্বাধীন বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রয়োজন। অভিযোগ যেমন তদন্ত ছাড়া চূড়ান্ত সত্য নয়, তেমনি প্রাথমিক ধারণার ভিত্তিতে দুর্ঘটনা বলেও সিদ্ধান্ত দেয়া যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ : শিক্ষাঙ্গনের নিরাপত্তা প্রশ্নে
রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা কয়েক দিন ধরে ১০টির বেশি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণে দু’জন আহত হন।
ক্যাম্পাসে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। এ পদক্ষেপের পেছনে শাসক দলের রাজনৈতিক বিবেচনাই প্রধানত কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।  
নাশকতার ঘটনাকে কেন্দ্র করে প্রবেশপথগুলোতে নিরাপত্তা তল্লাশিচৌকি বসানোর উদ্যোগও নেয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, নিরাপত্তাহীনতার কারণে বিনিময় কর্মসূচিতে অংশ নিতে আসা আটজন চীনা শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন। তাদের মধ্যে দু’জন ১১ নভেম্বর দেশে ফিরেছেন এবং বাকি ছয়জনের ১৩ নভেম্বর ফিরে যাওয়ার কথা ছিল। তারা নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা দিয়ে দেশে ফেরার কথা ছিল।
১০ নভেম্বরের প্রতিবেদনে ঢাকায় অন্তত ৩৩ জন গ্রেফতারের কথা বলা হয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার আগেই দায় চূড়ান্ত করা যাবে না। এই পরিস্থিতি কেবল একটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সঙ্কট নয়; বাংলাদেশের শিক্ষাঙ্গনের আন্তর্জাতিক ভাবমূর্তি ও বিদেশী শিক্ষার্থী বিনিময় কর্মসূচির বিশ্বাসযোগ্যতার সাথেও সম্পর্কিত।
প্রশাসনিক সক্ষমতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার পরীক্ষা
সাম্প্রতিক ঘটনাগুলো একসাথে বিবেচনা করলে রাষ্ট্র পরিচালনার কয়েকটি মৌলিক দুর্বলতা সামনে আসে। প্রথমত, রাজনৈতিক বিরোধ ও সহিংসতার অভিযোগের দ্রুত, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার সক্ষমতা। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা। তৃতীয়ত, প্রশাসনের নিরপেক্ষতা ও সিদ্ধান্ত বাস্তবায়নের গতি।
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার সাথে বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরণ কিংবা সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের সরাসরি যোগসূত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু এসব ঘটনা একই সময়ে দেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও জনপরিসরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তাই প্রতিটি ঘটনার পৃথক তদন্তের পাশাপাশি সম্ভাব্য অভিন্ন অপরাধী নেটওয়ার্ক বা সংগঠিত সহিংসতার কোনো যোগসূত্র আছে কি না, তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা প্রয়োজন।
নির্বাচিত সরকারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা যেমন জরুরি, তেমনি বিরোধী দল, নতুন রাজনৈতিক শক্তি এবং ভিন্নমতের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সাংবিধানিক দায়িত্ব। বিরোধী দলের অভিযোগকে অবজ্ঞা করা কিংবা তদন্তের আগে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করা- কোনোটিই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা বাড়াবে না।
সামনে তিনটি বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের সামনে এখন তিনটি পরস্পরসম্পর্কিত চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণ করে আইনের শাসন প্রতিষ্ঠা। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্ন, সংসদে বিরোধ, এনসিপির নিরাপত্তা উদ্বেগ, গ্রামীণ ব্যাংকে হামলা এবং ক্যাম্পাসে বিস্ফোরণ- প্রতিটি বিষয়েই স্বচ্ছ তদন্ত ও আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা তৈরি করতে হবে।
দ্বিতীয়ত, আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা। গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলার ঘটনায় ক্ষুদ্রঋণ কার্যক্রম, গ্রামীণ সঞ্চয় ও নারী উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা বিঘিœত হওয়ার ঝুঁকি রয়েছে। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তাকে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
তৃতীয়ত, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের বাস্তবসম্মত পুনর্বিন্যাস এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। আবেগনির্ভর কূটনীতির পরিবর্তে সীমান্ত, পানি, বাণিজ্য, ভিসা ও প্রত্যর্পণ প্রশ্নে জাতীয় স্বার্থভিত্তিক আলোচনা এগিয়ে নিতে হবে। একই সাথে এলএনজি টার্মিনালের মতো বড় প্রকল্পে বিনিয়োগের আগে ব্যয়-সুবিধা বিশ্লেষণ, চুক্তির স্বচ্ছতা এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি মূল্যায়ন করতে হবে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি হিসেবে দেখলে চলবে না। রাজনৈতিক আস্থার সঙ্কট, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, প্রশাসনিক জবাবদিহি এবং অর্থনৈতিক চাপের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। একটি সঙ্কট অন্যটিকে তীব্র করতে পারে। তবে সব ঘটনার পেছনে সমন্বিত ষড়যন্ত্র রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোরও সুযোগ নেই।
গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলা এই সঙ্কটের একটি নতুন মাত্রা উন্মোচন করেছে। কারণ, রাজনৈতিক সহিংসতার প্রভাব এখন শুধু রাজনৈতিক দল বা শিক্ষাঙ্গনের মধ্যে সীমাবদ্ধ থাকার আশঙ্কা নয়; দেশের আর্থিক সেবা ও গ্রামীণ অর্থনীতির ওপরও তার প্রভাব পড়তে পারে। এর সাথে বাইরের দেশের গোয়েন্দা সংশ্লিষ্টতার অভিযোগ এতে নতুন মাত্রা দিয়েছে। 
সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আর্থিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত, বিরোধী মতের অধিকার রক্ষা, প্রশাসনের নিরপেক্ষতা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সিদ্ধান্তে স্বচ্ছতা বজায় রাখা। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকর ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, তার ওপরই নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রা।