জ্বালানি সঙ্কট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

Advertisement

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘দেশের বর্তমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।’ 
গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করে তুলতে পারবেন। এভাবেই গড়ে উঠবে আত্মনির্ভরশীল বাংলাদেশ।’
তিনি আরো বলেন, ‘মাদক, বিভিন্ন অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।’
আদর্শ সদর ইউএনও সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও যুব উন্নয়ন অধিদফতরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ প্রমুখ।