সার-বীজ লোপাট ও ভুয়া নম্বরে স্বজনপ্রীতির জাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Advertisement

কৃষি গবেষণাকে মাঠপর্যায়ে জনপ্রিয় ও প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) হাতে নেয়া পাইলট প্রোগ্রাম ও উপযোগিতা যাচাই প্রকল্প এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় এই প্রকল্পের নামমাত্র বরাদ্দ বণ্টনে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি, ভুয়া মোবাইল নম্বর ব্যবহার এবং সার-বীজ ও কীটনাশক আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, কৃষি অধিদফতরের মাঠপর্যায়ের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে নামমাত্র এই বরাদ্দের পুরোটাই একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে অনেক নামের পাশে ব্যবহার করা হয়েছে ভুয়া মোবাইলি নম্বর।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জের কৃষক আসলাম উদ্দীন, মোস্তফা কামাল ও মোস্তফা আল সাকিব নামে দু’জন আলাদা ব্যক্তির অস্তিত্ব দেখানো হলেও অনুসন্ধানে প্রমাণিত তারা দু’জন ভিন্ন ব্যক্তি নন। মোস্তফা আল সাকিবের নামের পাশে একটি ‘রং নম্বর’, আর ‘মোস্তফা কামাল’ নামটিই তার আসল নয়। একইভাবে দোস্ত গ্রামের প্রান্ত হোসেনের নামে সার ও বীজ বরাদ্দ থাকলেও তিনি সুনির্দিষ্ট পরিমাণ বলতে পারেননি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের নামে একাধিক প্রজেক্টে অস্বাভাবিক বরাদ্দ দেখানো হয়েছে। তার পাওয়ার কথা রয়েছে বারি হলুদ-৪, বারি হলুদ-৫ এবং বারি আলু-৯০ এর বীজসহ ৫২ কেজি ইউরিয়া, ৪৭ কেজি টিএসপি, ৪৫ কেজি এমওপি, ২৪ কেজি জিপসামসহ বিপুল পরিমাণ সার ও কীটনাশক। তবে ভুক্তভোগী ছানোয়ার হোসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এর সিকিভাগও পাননি। একই চিত্র আলমডাঙ্গা উপজেলায়। সেখানে লিমন নামের এক কৃষককে ‘আইটি প্রোগ্রাম’ ও ‘প্রোডাকশন প্রোগ্রাম’- উভয় মাধ্যম থেকেই সুবিধা দেয়া হয়েছে। এমনকি তার ভাই সুমনকেও একই প্রকল্প থেকে সুবিধা পাইয়ে দেয়া হয়েছে। 
স্থানীয়দের অভিযোগ, পারদূর্গাপুর গ্রামের মাঠকর্মী রাসেল তরফদার নিজের আত্মীয়স্বজন ও গ্রামের মাত্র ৮ জন ব্যক্তিকে ঘুরিয়ে-ফিরিয়ে প্রতিবছর সব সুবিধা দেয়া হচ্ছে।
চুয়াডাঙ্গার দায়িত্বে থাকা বৈজ্ঞানিক সহকারী রাসেল কবীর তরফদার বলেন, একই ব্যক্তি প্রত্যেক বছর পেলে বা বারবার পেলে আইনের কোনো বাধা নেই। আমরা যেটা করেছি, ভালো কাজ হয়েছে। প্রকল্পের পরিচালক ড. মতিয়ার রহমান বলেন, স্থানীয়ভাবে এই বরাদ্দ বিতরণ করেন রাসেল কবীর তরফদার। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।