ছুটির দিনেও মুখর চট্টগ্রামের পর্যটনকেন্দ্র

 এসএম রহমান পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Advertisement

হেমন্তের মিষ্টি রোদ, হালকা শীতের আমেজ আর সাগরের শীতল বাতাস- সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলো। নগরীর সমুদ্রসৈকত থেকে শুরু করে পাহাড়, লেক, ঝরনা ও অরণ্যঘেরা নিরিবিলি পরিবেশ- সবখানেই বাড়ছে ভ্রমণপিপাসু মানুষের ভিড়। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি কাটিয়ে পরিবার-পরিজন ও বন্ধুদের সাথে কিছুটা প্রশান্তির খোঁজে ছুটছেন নানা বয়স ও পেশার মানুষ।
গতকাল শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে বিকেলের দিকে এসব স্থানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সরেজমিন দেখা যায়, নগরীর অন্যতম জনপ্রিয় গন্তব্য পতেঙ্গা সমুদ্রসৈকতে দুপুরের পর থেকেই পর্যটকদের ঢল নামে। সাগরের ঢেউ, শীতল বাতাস আর সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগে সৈকতে ভিড় করেন হাজারো মানুষ। কেউ স্পিডবোটে চড়ে সমুদ্রের ঢেউয়ের রোমাঞ্চ নিচ্ছেন, কেউ আবার পরিবার নিয়ে সৈকতের পাড়ে সময় কাটাচ্ছেন।
নগরীর কোলাহল এড়িয়ে নিরিবিলি পরিবেশের খোঁজে অনেকেই ছুটছেন আনোয়ারার পারকি সমুদ্রসৈকত এবং বাঁশখালীর খানখানাবাদ থেকে বাহারছড়া পর্যন্ত বিস্তৃত উপকূলে। ঝাউবনের ছায়ায় বসে সমুদ্রের গর্জন উপভোগ করছেন দর্শনার্থীরা।
সমুদ্রের পাশাপাশি পাহাড়, লেক ও ঝরনাকেন্দ্রিক পর্যটনেও বাড়ছে আগ্রহ। নগরীর ফয়স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি-ওয়ার্ল্ডে শিশু-কিশোরদের উপস্থিতি চোখে পড়ার মতো। সিআরবি শিরীষতলা, ডিসি হিল ও বায়েজিদ লিংক রোড এলাকায় বিকেলে আড্ডায় মেতে উঠছেন তরুণ-তরুণী ও পরিবারগুলো। এ ছাড়া সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্রসৈকত, মহামায়া লেক এবং মিরসরাইয়ের খৈয়াছড়া ও নাপিত্তাছড়া ঝরনায় ভিড় করছেন অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকরা। কাপ্তাই লেক ও রাঙ্গুনিয়ার এভিয়ারি অ্যান্ড ইকো-পার্কেও দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে।
পরিবার নিয়ে পতেঙ্গায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, সারা সপ্তাহের কর্মব্যস্ততা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে ছুটির দিনে পরিবার নিয়ে সমুদ্রের কাছে এসেছেন। তবে বিকেলের দিকে সৈকতমুখী সড়কে যানজট তাদের ভোগান্তিতে ফেলেছে।
পর্যটকদের বাড়তি উপস্থিতিতে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতিও। সৈকত এলাকার ফটোগ্রাফার, ঝিনুক-শামুক বিক্রেতা, ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ ও আবাসিক হোটেলে বাড়ছে বেচাকেনা। পতেঙ্গার একাধিক ঝিনুক ও শামুক বিক্রেতা জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্র ও শনিবার তাদের বিক্রি বেশি হয়। টানা সরকারি ছুটিতে ব্যবসা আরও জমে ওঠে।
পর্যটকদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এক কর্মকর্তা জানান, ছুটির দিনে পর্যটকদের চাপ বাড়ায় বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোয়ার-ভাটার সময় সমুদ্রে নামার বিষয়ে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।
তবে পর্যটকদের বাড়তি চাপের বিপরীতে অবকাঠামোগত সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে। অনেক পর্যটকের অভিযোগ, সরু সড়ক, অপর্যাপ্ত পার্কিং ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে ছুটির দিনে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাতেও আরও নজরদারি প্রয়োজন।
বিশেষ করে আনোয়ারায় পুলিশের কিছুটা উপস্থিতি থাকলেও বাঁশখালীর অঘোষিত পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের মতে, বাঁশখালী ও আনোয়ারা উপকূলে ভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধের ওপর সড়ক নির্মাণ করা হলে পর্যটকদের যাতায়াত আরো সহজ হবে।
চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করলেও এ সম্ভাবনাকে টেকসই পর্যটনশিল্পে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও কার্যকর ব্যবস্থাপনা। পর্যটকের সংখ্যা বাড়ার সাথে এসব সুবিধা নিশ্চিত করা না গেলে সম্ভাবনার পাশাপাশি ভোগান্তিও বাড়বে।