কলাপাড়ায় বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

 কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৯ নম্বর নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাণিজ্যিকভাবে চিংড়ি শুঁটকি শুকানো এবং ভবনের নিচে মাছ ধরার জাল মেরামতের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি মাঠে খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত শুঁটকি উৎপাদন করা হয়। আন্দারমানিক নদীর মোহনার নিজামপুর খাল থেকে আহরিত চিংড়ি বাণিজ্যিকভাবে শুকানো হয় ওই এলাকায়।
সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুকানো হচ্ছে। পাশাপাশি ভবনের নিচে মাছ ধরার জাল মেরামত করা হচ্ছে। এতে চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের মাঠে মাছ শুকানোর পাশাপাশি গবাদিপশুও চরানো হয়।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইশা আক্তার বলে, মাছের দুর্গন্ধে শ্রেণীকক্ষে ঠিকমতো ক্লাস করা যায় না, বমি আসে। আরেক শিক্ষার্থী জানায়, মাঠে মাছ ও জাল শুকানো এবং গরু চরানোর কারণে তারা খেলাধুলা করতে পারে না।
বিদ্যালয়ের জমিদাতা সিদ্দিক মুন্সি অভিযোগ অস্বীকার করে বলেন, বৃষ্টির সময় কিছু জেলে মাছ ও জাল বিদ্যালয়ের ভবনের নিচে রাখেন। তবে তিনি তাদের নিষেধ করেছেন।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বিদ্যালয়ের মাঠে মাছ শুকানো ও জাল মেরামত করছেন। তাদের বারবার নিষেধ করা হয়েছে এবং ঊর্ধŸতন কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। কর্মকর্তারা এসেও নিষেধ করেছেন, কিন্তু তারা তা মানছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সহকারী দিপ শিখা জয়ন্তী বলেন, প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি নিজেও ঘটনাস্থলে গিয়ে মাছ শুকানো ও জাল রাখার কাজে নিষেধ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা তার নির্দেশও মানেননি।
স্থানীয়দের দাবি, শিক্ষার পরিবেশ ও শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়ের মাঠে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।