
রেজোয়ান ইসলাম ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বিজির বাজার এলাকায় সৈকতপাড়া গ্রামের সড়কে বক্স কালভার্ট নির্মাণকাজ শেষ না করেই প্রায় ১০ লাখ টাকা বিল তুলে ঠিকাদারি প্রতিষ্ঠানের গা-ঢাকা দেয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৮ মাস ধরে কাজটি অসম্পূর্ণ পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিস্তা নদীসংলগ্ন চরাঞ্চলের হাজারো মানুষ। সড়কের মাঝখানের বিশাল গর্তে পানি জমে তা এখন মরণফাঁদ ও স্থায়ী পুকুরে পরিণত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষালয়ে যাতায়াত পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, কালভার্ট নির্মাণের নামে সড়কের মাঝামাঝি অংশে একটি বিশাল গর্ত খুঁড়ে রাখা হয়েছে। নিচের ও দুই পাশের সামান্য অংশে ঢালাই করা হলেও উপরের পুরোটাই অসম্পূর্ণ। বিভিন্ন স্থানে নড়বড়ে কাঠের শাটারিং ও বাঁশের ঠেকনা ঝুলে আছে। দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় নির্মাণাধীন অংশের কংক্রিটে অসংখ্য ফাঁপা ও ছিদ্র তৈরি হয়েছে এবং পাথর-খোয়া খসে পড়ছে। অন্য দিকে পাশের বিস্তীর্ণ ধানি জমির পানি সড়কের ভাঙা অংশ দিয়ে গড়িয়ে ওই গর্তে জমে পুকুরের রূপ নিয়েছে। চার পাশে কচুরিপানা ছড়িয়ে থাকায় সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে পানি কিছুটা কমলেও ভাঙা অংশ পার হতে গিয়ে ভ্যান ও মোটরসাইকেল চালকদের চরম বিপাকে পড়তে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজির বাজারে বাবলুর বাড়ির সামনে সৈকতপাড়া গ্রামের সড়কে ৯ দশমিক ৯৬ মিটার দৈর্ঘ্যরে বক্স কালভার্টটি নির্মাণের প্রকল্প নেয়া হয়। ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা প্রাক্কলিত ব্যয়ের এই কাজটি ২৯ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকা চুক্তিমূল্যে পায় নীলফামারী সদর উপজেলার কুখাপাড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শিরিন সুলতানা’। প্রকল্পের শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ৬ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে তা শেষ হওয়ার কথা ছিল। কাজ শেষ না হওয়ায় চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ধান, গম, ভুট্টা, শাকসবজি ও বাদামসহ নানা ফসল সময়মতো বাজারে নিতে পারছেন না। এ ছাড়া কালভার্টটির পাশেই অবস্থিত কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বর্ষাকালে হাঁটুপানি ভেঙে যাতায়াত করতে হচ্ছে।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মো: মকবুল হোসেন বলেন, আগে ভাঙাচোরা পথে কষ্ট হলেও উৎপাদিত ফসল নিয়ে চাপানী হাটে যাওয়া যেত। এখন মালামাল পরিবহন করা সম্ভব হচ্ছে না। অটোভ্যানচালক আনোয়ার হোসেন জানান, ভাঙা অংশ পার হওয়ার সময় ভ্যানের মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে প্রায়ই তা নষ্ট হয়ে যাচ্ছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শিরিন সুলতানা’র প্রতিনিধি নান্টু বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় এবং ফান্ডের অভাবে কাজ শেষ করা সম্ভব হয়নি। কাজের বিপরীতে কোনো বিল পাননি দাবি করে তিনি জানান, ফান্ডের ব্যবস্থা হলে শুষ্ক মৌসুমে কাজটি শেষ করবেন।
তবে ঠিকাদারের এই দাবির সাথে পিআইও কার্যালয়ের দাফতরিক নথির কোনো মিল পাওয়া যায়নি। কার্যালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বিল উত্তোলন করেছে।
এ বিষয়ে পিআইও আশরাফুল আলম জানান, দাফতরিক নথি অনুযায়ী প্রকল্পটির কাজের অগ্রগতি মাত্র ৫৫ শতাংশ। প্রয়োজনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ইউএনও ইমরানুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








