স্বর্ণ যাচ্ছে ভারতে, ওপার থেকে আসছে মাদক
  •  দামুড়হুদা-দর্শনা সীমান্তে সক্রিয় নতুন-পুরাতন সিন্ডিকেট
  •  দেড় মাসে ৮২ কোটি টাকার পণ্য জব্দ
  •  স্বর্ণের চালান গায়েব ঘিরে খুন ও নির্যাতন

চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা ও জীবননগর সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচার এবং ওপার থেকে মাদক প্রবেশের অবৈধ কারবার থামছে না। গত দেড় মাসে দক্ষিণ-পশ্চিম সীমান্তে ৮২ কোটি ৩৫ লাখ টাকার পণ্য ও মাদক জব্দ এবং ১৫২ জনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও প্রশ্ন উঠেছে, বহুমুখী চোরাচালানের পেছনে দীর্ঘদিনের পুরনো সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অনেকের দাবি কিছু নতুন চক্রও সক্রিয় হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, সীমান্তের এপার থেকে স্বর্ণের চালান ভারতে যাওয়ার পাশাপাশি ওপার থেকে ফেনসিডিল ও গাঁজার পাশাপাশি ইয়াবা, ট্যাপেন্টাডল, বুপ্রেনরফাইন ইনজেকশন এবং নেশাজাতীয় সিরাপের মতো মারাত্মক মাদক প্রবেশ করছে। চুয়াডাঙ্গা বিজিবির-৬ এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে পরিচালিত অভিযানে ১৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য এবং প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদক জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, দুই হাজার ৯৪৬ বোতল মদ, এক হাজার ১৬ বোতল ফেনসিডিল, সাত কেজি ক্রিস্টাল মেথ, ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা এবং তিন লাখ দুই হাজার ২২৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া জীবননগর, দর্শনা ও দামুড়হুদার বিভিন্ন পয়েন্টে গত কয়েক মাসে পৃথক অভিযানে স্বর্ণের বার ও মাদকসহ একাধিক ব্যক্তি আটক হয়েছেন। এর আগে ১ আগস্ট দর্শনার পারকেষ্টপুর সীমান্তে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বার আটক করেছিল বিজিবি।
দর্শনা, নাস্তিপুর, ঝাঝাডাঙ্গা ও কামারপাড়া সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অতীতে একাধিক হত্যা ও সহিংসতার ঘটনা ঘটেছে। ২০০৭ সালে লোকনাথপুরে ১২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ আটকের পর এর সাথে সম্পৃক্ততার সন্দেহে সিঅ্যান্ডএফ এজেন্ট সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। ২০২১ সালের ২৮ ডিসেম্বর নাস্তিপুর গ্রামে বিজিবির সোর্স হিসেবে পরিচিত হজরত আলী বিশ্বাস নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
২০২৩ সালের ৮ অক্টোবর মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়, যার শরীরে বাধা ছিল ১০ কেজি ২৬৩ গ্রাম স্বর্ণ। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ২০২৫ সালের অক্টোবর মাসে, যখন ৫০ পিস স্বর্ণের বার গায়েব হওয়ার জেরে পাঁচজনকে অপহরণ করে শারীরিক নির্যাতনের পর শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে ফেলা হয়। গত ৫ নভেম্বর জেলা পুলিশের অভিযানে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দর্শনা-দামুড়হুদা ও জীবননগর সীমান্তে দীর্ঘদিন ধরে স্বর্ণ, মাদক ও হুন্ডির অর্থ লেনদেন ঘিরে একাধিক চক্র সক্রিয় রয়েছে। জয়নগর গ্রামের জাহাঙ্গীর, শ্যামপুর গ্রামের জাহিদুল এবং কামারপাড়ার আবদুুস সামাদ ও আলীহীমের নাম স্থানীয় পর্যায়ে আলোচিত হলেও এসব ব্যক্তির সরাসরি সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত নয়।
এ দিকে সীমান্তবর্তী এলাকায় ঐতিহ্যগতভাবে ফেনসিডিল ও গাঁজার বিস্তার থাকলেও বর্তমানে ইয়াবা, ট্যাপেন্টাডল, বুপ্রেনরফাইন এবং বিভিন্ন নেশাজাতীয় সিরাপের বহুমুখী উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বাহক পরিবর্তনের পাশাপাশি অর্থদাতা ও মজুদদারদের মূল নেটওয়ার্ক অটুট রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে জিরোটলারেন্স জারি আছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে যৌথ অভিযানও পরিচালিত হচ্ছে। স্বর্ণ চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement