সামরিক ঘাঁটির কাছে দানবীয় ইউএফও

নয়া দিগন্ত ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে হঠাৎ করেই হাজির হয়েছিল বিশালকায় এবং এক অদ্ভুত জেলিফিশ আকৃতির বস্তু। কয়েক মিনিট আকাশে ওড়ার পর চোখের পলকেই সেটি অদৃশ্য হয়ে যায়। এই রহস্যময় ঘটনার সাক্ষী হওয়া সারারা জেন অসবর্ন নামের এক নারী ‘ডেইলি মেল’-এর সাথে আলাপকালে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাদের মনে গভীর বিস্ময় ও প্রশ্ন তৈরি হয়েছে। 
তখন সন্ধ্যার আলো পুরোপুরি ফুরিয়ে যায়নি। সারারা জেন অসবর্ন এবং তার স্বামী পিট শহরের বাইরে বসবাস করার সুবাদে ব্যবসার কাজে অ্যাঙ্কোরেজে এসেছিলেন। সিক্সথ অ্যাভিনিউ ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি সুন্দর রংধনু তাদের নজর কাড়ে। খোলা গাড়ির জানালা দিয়ে সেটি ক্যামেরাবন্দি করতে শুরু করেন সারারা। এরপর ভালোমতো ছবি তোলার জন্য পিট গাড়িটি একটি খালি ডাউনটাউন পার্কিং লটে নিয়ে যান, যাতে চারপাশের যানজট বা ট্রাফিক লাইট ছবি তোলার ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায়।
হঠাৎ করেই সারারার চোখে পড়ে এমন এক বস্তু, যাকে তিনি প্রথমে একটি পোকা বলে মনে করেছিলেন। তিনি কিছুটা বিরক্ত হয়ে ভেবেছিলেন, এটি কোনো মশা কি না। কিন্তু ফোনের স্ক্রিনের বাইরে তাকিয়ে যখন তিনি ভালো করে খেয়াল করলেন, তখন বুঝতে পারলেন আকৃতিটি অনেক বড় এবং এটি নিয়ে ভাবার অবকাশ রয়েছে। তিনি তার স্বামী পিটকে জিজ্ঞাসা করলেন তিনিও সেটি দেখতে পাচ্ছেন কি না এবং এর পরপরই বেশ কয়েকটি ছবি ও ভিডিও ধারণ শুরু করলেন।
সারারা জানান, রংধনু তোলার সময় মিলিসেকেন্ডের ব্যবধানে তিনি একাধিক ছবি তুলেছিলেন। সবচেয়ে ভয়ের বা চিন্তার বিষয় ছিল বস্তুটির নড়াচড়া। কালো এবং রূপালি রঙের ওই বস্তুটি সাধারণ ঘুড়ির মতো ছিল না। এর ঝুলন্ত কিছু অংশ বা বাহু ছিল, যা এটি শূন্যে ভেসে থাকার সময় এবং এদিক-সেদিক ঘোরার সময় স্বাধীনভাবে নড়াচড়া করছিল। সারারার মতে, গাছপালা বাতাসের কারণে নড়ছিল ঠিকই, কিন্তু ঘুড়ি ওড়ার মতো যথেষ্ট বাতাস সেখানে ছিল না এবং এর গতিপ্রকৃতি কোনোভাবেই ঘুড়ির সাথে মিলছিল না। এ ছাড়া ঘুড়ির লেজগুলো যেভাবে বাতাসে একসাথে উড়ে, এই বস্তুর ক্ষেত্রে তেমনটি দেখা যায়নি। 
বস্তুটির আকার দেখেও তারা অবাক হয়েছিলেন। দম্পতির মতে, সে সময় আকাশে একটি ছোট বিমান দেখা গেলেও অদ্ভুত সেই বস্তুটির তুলনায় বিমানটিকে অত্যন্ত ক্ষুদ্র মনে হচ্ছিল। এত বড় কোনো বস্তু কেন মাত্র তিন মিনিট আকাশে ভেসে থাকার পর মিলিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। সারারা বলেন, যদি আকাশে ঘুড়িই উড়িয়ে থাকে কেউ, তবে কেউ মাত্র তিন মিনিটের জন্য তা ওড়ায় কেন? এ ছাড়া যে ছোট পার্কের কথা বলা হচ্ছে, সেখানে এত বড় মাপের কোনো ঘুড়ি নিয়ন্ত্রণ করা বা ওড়ানো অসম্ভব। অ্যাঙ্কোরেজে বহু বছর ধরে বসবাস করার সুবাদে সেখানকার পার্কে ওড়ানো রঙিন ঘুড়ির সাথে তিনি বেশ পরিচিত ছিলেন, কিন্তু এবারের এই বস্তুটি সেসবে কোনোটির সাথেই মিলছিল না।
কোনো যৌক্তিক ব্যাখ্যা খোঁজার জন্য দম্পতিটি কাছাকাছি একটি পার্কের দিকে যান, যাতে ঘুড়ি গুটিয়ে নিচ্ছেন এমন কাউকে বা অন্য কোনো সূত্র পাওয়া যায়। কিন্তু সেখানে ঘুড়ি নামানোর মতো কাউকেই পাওয়া যায়নি। এরপর তারা আর্কটিক ভ্যালির দিকে গাড়ি চালিয়ে যান, যেখান থেকে চারপাশের বনাঞ্চল স্পষ্টভাবে দেখা যায়। প্রায় ৩০ মিনিট ধরে তারা চারপাশ তন্নতন্ন করে খোঁজেন, কিন্তু ততক্ষণে রহস্যময় সেই বস্তুটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল।
তাদের ধারণা ছিল, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন বা সংক্ষেপে জেবারের বনসংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছিল। জেবার হলো এমন একটি সামরিক ঘাঁটি যেখানে এফ-২২ রথ্যাপটর ফাইটার জেট রয়েছে এবং যা মূলত বিমান প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক এয়ারলিফট অপারেশন পরিচালনা করে থাকে। সারারা এটিকে একটি ড্রোন জাতীয় কিছু বলে মনে করার কথা ভেবেছিলেন। তবে এর অস্বাভাবিক আকার এবং নড়াচড়া তাকে বারবার ভাবিয়ে তুলছিল। স্বামীর উপস্থিতি না থাকলে হয়তো নিজের চোখের ওপরই সন্দেহ হতো সারারার। রামধনু তোলার সাধারণ একটি মুহূর্ত যে এভাবে এক অবিশ্বাস্য অভিজ্ঞতায় পরিণত হবে, তা তারা কল্পনাও করেননি। সারারা বলেন, বস্তুটা সেখানে ছিল এবং তারপরেই আবার হারিয়ে গেল, এই সত্যিটা তিনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না।

Advertisement