
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু এক হাজার ৩০৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত এক হাজার ৩০৪ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১৪৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেল এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ২৮ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।
সিলেট ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ১১ মাস বয়সী আফরিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার, সাড়ে ৪ মাস বয়সী মাইশা সিলেট সদর উপজেলার বাসিন্দা এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৯ মাস বয়সী ওমর হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে ৬৫ হাম রোগী শনাক্ত হয়েছেন।
উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৬৮ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮ জন।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৬০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৪৫২ জনের হাম শনাক্ত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








