
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিবহনের ধাক্কার জেরে ১৫টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছেন। রংপুরে বালুবোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তার গর্ভবতী মা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় এক যুবদল নেতা, কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কলেজশিক্ষক, মাদারীপুরের শিবচরে দুই বছরের নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ এবং বগুড়ার দুপচাঁচিয়ায় এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। বিস্তারিত জানিয়েছেন ব্যুরো ও সংবাদদাতারা।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একের পর এক বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত এবং শতাধিক যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি ট্রাকের পেছনে ডলফিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা অন্যান্য যানবাহন একটি অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দু’টি গাড়িও রয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন। এ ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস ফকির (৫০) গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
রংপুরে বাড়িতে ড্রাম ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু
রংপুর মহানগরীর বোতলা সড়কের খাসবাগ চারমাথা মোড়ে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিন্টু মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় তাসলিমা আক্তার সিমথি (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় নূরানী তালিমুল কুরআন মাদাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় তার গর্ভবতী মা আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, ট্রাকটি আধাপাকা ঘরে ঢুকে পড়লে চাপা পড়ে শিশুটি ঘটনস্থলেই মারা যায়। আহত আয়েশা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকচালক মেহেদী হাসান ও সহকারী শ্রাবণ মিয়াকে আটক করেন। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে নগরীর বিভিন্ন সড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের চলাচল বেড়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত চক্রের কারণে নগরবাসীর নিরাপত্তা বিঘিœত হচ্ছে।
ভালুকায় যুবদল নেতা নিহত
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো: আলম মোল্লাহ (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর উত্তর বাজার এলাকায় পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম মোল্লাহ উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় তিনি দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
কুলিয়ারচরে কলেজশিক্ষকের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের সিনিয়র প্রভাষক ইসমাইল আহমেদ পানু (৫৩) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জে নিজ বাসায় ফেরার পথে পাড়াগঞ্জ এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দুপচাঁচিয়ায় অটোরিকশাচালক নিহত
বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৬) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ছোট পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আহত মোজাফফরকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিবচরে নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিহত
মাদারীপুরের শিবচরে দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান খন্দকার (৬০) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নাতি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন দাদা। পরে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত শাহজাহান খন্দকার শিবচরের পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পারিবারির সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই বছর বয়সী নাতিকে সাথে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাক্টরের ধাক্কা থেকে নাতিকে রক্ষা করতে দ্রুত তাকে সরিয়ে দেন তিনি। তবে নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








