
হামিদুল ইসলাম সরকার শ্যামনগর (সাতক্ষীরা) থেকে ফিরে
ধানের জমিতে এখন লবণাক্ত পানির দাপট। যে পুকুর ছিল পরিবারের সুপেয় পানির ভরসা, সেটিও অনেক জায়গায় ব্যবহারের অনুপযোগী। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি হারিয়ে নতুন করে বসতি গড়তে হচ্ছে। কৃষক, জেলে কিংবা দিনমজুর- প্রায় প্রতিটি পেশার মানুষকেই বদলাতে হচ্ছে জীবিকার ধরন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং প্রতিদিনের অর্থনৈতিক বাস্তবতা।
সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা ও দাকোপ, বাগেরহাটের মোংলা কিংবা পটুয়াখালীর উপকূলীয় জনপদে সঙ্কটের চিত্র প্রায় একই। লবণাক্ততা কৃষি উৎপাদন ব্যাহত করছে, বাড়াচ্ছে সুপেয় পানির সঙ্কট। অন্যদিকে ঘূর্ণিঝড় ও নদীভাঙনে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা ও সঞ্চয়। ফলে অনেক পরিবারকে প্রচলিত পেশা ছেড়ে মাছ ও কাঁকড়া চাষ, হাঁস-মুরগি পালন, সবজি উৎপাদন কিংবা ক্ষুদ্র ব্যবসার মতো বিকল্প আয়ের পথ খুঁজতে হচ্ছে।
জলবায়ুর অভিঘাত মোকাবেলায় এখন প্রয়োজন এমন ব্যবস্থা, যাতে মানুষ নিরাপদ ঘরে থাকতে পারে, সুপেয় পানির সুযোগ পায় এবং দুর্যোগের পর আবার আয়ের পথ খুঁজে নিতে পারে। এ লক্ষ্যেই সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়ন করছে জলবায়ুসহিষ্ণু ঘরবাড়ি ও জীবিকাভিত্তিক একটি বড় কর্মসূচি।
বছরে ১ লাখ ৮৫ হাজার কোটি টাকার ক্ষতি
বিশ্বব্যাংকের মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু। গত ৫ নভেম্বর তিনি এ বিষয়ে বক্তব্য দেন। পরবর্তী সময়ে ১১ নভেম্বরের সংবাদ প্রতিবেদনেও ক্ষতির এই হিসাব তুলে ধরা হয়। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় এক লাখ ৮৫ হাজার কোটি টাকা।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য। অথচ এর অভিঘাতে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের কারণে কৃষি, মৎস্য, অবকাঠামো ও জনস্বাস্থ্যে ক্ষতির পরিমাণ বাড়ছে। এর বড় চাপ পড়ছে কৃষিনির্ভর পরিবার, উপকূলীয় অবকাঠামো ও গ্রামীণ অর্থনীতির ওপর।
একটি ঘূর্ণিঝড় শুধু ঘরবাড়ি ভাঙে না, নষ্ট করে ফসল, মাছের ঘের, গবাদিপশু ও পানির উৎস। ধ্বংস করে মানুষের বহু বছরের সঞ্চয়। ফলে দুর্যোগের পর পরিবারগুলোকে নতুন করে ঋণ ও জীবিকার অনিশ্চয়তার মুখে পড়তে হয়।
ঘর, জীবিকা ও পানির নিরাপত্তায় পিকেএসএফ
উপকূলের এই বহুমাত্রিক সঙ্কট মোকাবেলায় পিকেএসএফের অন্যতম উদ্যোগ হলো ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ’ (আরএইচএল) প্রকল্প। গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে ২০২৩ সালে অনুমোদিত এ প্রকল্পের লক্ষ্য জলবায়ু ঝুঁকিতে থাকা পরিবারগুলোর ঘরবাড়ি, জীবিকা ও অভিযোজন সক্ষমতা বাড়ানো।
প্রকল্পটি বাস্তবায়নে পিকেএসএফ জিসিএফের স্বীকৃত সংস্থা এবং একক বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে। সাতটি উপকূলীয় জেলার ২০টি উপজেলায় পাঁচ কোটি মার্কিন ডলারের এ কর্মসূচি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাস্তবায়িত হচ্ছে। জেলাগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কক্সবাজার। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের আগস্ট পর্যন্ত। প্রকল্পের আওতায় শুধু আর্থিক সহায়তা নয়, জলবায়ুসহিষ্ণু বাড়ি নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, কাঁকড়ার হ্যাচারি ও নার্সারি স্থাপন, পশুপালন এবং বসতভিটায় সবজি উৎপাদনের মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে পিকেএসএফের ১৮টি সহযোগী সংস্থা এসব উদ্যোগ বাস্তবায়ন করছে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার জলবায়ুসহিষ্ণু বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে তৈরি হয়েছে এক হাজার ৮১৯টি। এসব বাড়ির ভিত্তি উঁচু করা হচ্ছে এবং ব্যবহার করা হচ্ছে শক্তিশালী নির্মাণসামগ্রী। পাশাপাশি রয়েছে নিরাপদ স্যানিটেশন, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা, সৌরবিদ্যুৎ ও উন্নত চুলা। এর উদ্দেশ্য জলোচ্ছ্বাস ও বন্যার ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবারের দৈনন্দিন জীবনকে নিরাপদ করা।
এ ছাড়া বসতভিটায় চার লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রার বিপরীতে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত লাগানো হয়েছে দুই লাখ ৬৩ হাজার ৩৯০টি। এসব গাছ ঝড়ের বাতাসের সরাসরি আঘাত কমাতে সহায়তা করবে। পাশাপাশি নারকেল, পেয়ারা ও কাঁঠালসহ ফলদ গাছ পরিবারের পুষ্টি ও আয়ের উৎস হিসেবেও ভূমিকা রাখতে পারে।
কাঁকড়া চাষে নতুন পথ, বনের ওপর চাপ কমানোর উদ্যোগ
সুন্দরবনসংলগ্ন এলাকায় কাঁকড়া চাষ সম্ভাবনাময় রফতানিমুখী খাত। তবে এ খাতের বড় দুর্বলতা প্রাকৃতিক উৎস থেকে কাঁকড়ার পোনা সংগ্রহের ওপর নির্ভরতা। এ সঙ্কট কাটাতে পিকেএসএফের আরএইচএল প্রকল্পে ৫০টি ক্ষুদ্র কাঁকড়ার হ্যাচারি স্থাপনের লক্ষ্য নেয়া হয়েছে। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্থাপন করা হয়েছে তিনটি। এ ছাড়া ৫০০টি কাঁকড়ার নার্সারি স্থাপনের লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে ১৯৪টি। একই প্রকল্পের আওতায় ২০ হাজার কাঁকড়াচাষিকে কারিগরি ও আর্থিক সহায়তা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এর বিপরীতে সহায়তা পেয়েছেন ৯ হাজার ২৬৮ জন।
এ উদ্যোগের তাৎপর্য অর্থনৈতিক ও পরিবেশগত- দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। হ্যাচারি ও নার্সারির মাধ্যমে কাঁকড়ার পোনা সরবরাহ বাড়ানো গেলে প্রাকৃতিক উৎসের ওপর নির্ভরতা কমানো সম্ভব। এতে একদিকে খামারিদের উৎপাদন অব্যাহত রাখার সুযোগ তৈরি হবে, অন্যদিকে সুন্দরবনের নদী-খাল থেকে নির্বিচারে কাঁকড়া সংগ্রহের চাপও কমতে পারে।
অভিযোজনের অর্থায়নে বড় ঘাটতি
উপকূলের মানুষের ঘর, পানি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে যে বিনিয়োগ প্রয়োজন, তার তুলনায় আন্তর্জাতিক অর্থায়ন এখনো অপ্রতুল। গত ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন অনুদান, নতুন ঋণ নয়।
তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের বোঝা কমাতে ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ ও ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ চালু, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের প্রস্তাব দিয়েছেন।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জলবায়ু অভিযোজন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের বছরে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় চার বিলিয়ন ডলার। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে আসছে ৫০০ মিলিয়ন ডলারেরও কম। অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশই জোগান দিতে হচ্ছে জাতীয় বাজেট থেকে।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রগতি থাকলেও অর্থায়নের এই ঘাটতি উপকূলের দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য বড় বাধা। দেশে চার হাজার ২০০টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগাম সতর্কবার্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে শুধু আশ্রয়কেন্দ্র নির্মাণ করলেই হবে না, মানুষের আয়, নিরাপদ পানি ও বসতভিটার সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
বিকল্প জীবিকায় স্বস্তি খুঁজছে উপকূলের মানুষ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামে সরজমিনে দেখা যায়, লবণাক্ততার কারণে চিংড়ি চাষে আগের মতো লাভ করতে না পেরে অনেকেই কাঁকড়া চাষের দিকে ঝুঁকছেন। স্থানীয় বাসিন্দা হাওয়া খাতুন জানান, তাদের নিজেদের জমিতে আগে চিংড়ি ও অন্যান্য মাছ চাষ করা হতো। কিন্তু লবণাক্ততা বেড়ে যাওয়ায় চিংড়ি চাষ আগের মতো হচ্ছে না। পরে পরীক্ষামূলকভাবে কাঁকড়া চাষ শুরু করে ভালো ফল পাওয়া যায়। এখন বাণিজ্যিকভাবেই কাঁকড়া উৎপাদন করছেন তারা। তিনি বলেন, গণমুখী ফাউন্ডেশনের কাছ থেকে কাঁকড়া চাষের প্রশিক্ষণ নেয়ার পর এ কাজে যুক্ত হয়েছেন। বর্তমানে এ খাত থেকে ভালো আয় হচ্ছে।
একই গ্রামের আবদুর রহমান বলেন, যেহেতু অন্যকোনো আবাদ এই এলাকায় লবণাক্ততার কারণে করা যাচ্ছে না তাই আমরা চিংড়ির পরিবর্তে কাঁকড়া চাষ করছি। এটা এখন লাভজনক। এক হাজার টাকায় পোনা কাঁকড়া এনে ঘেরে বড় করার একটি ১৬ শ’ টাকায় বিক্রি করি। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত লাভ থাকে। চিংড়ির তুলনায় কাঁকড়া উৎপাদনে সময়ও কম লাগে।
একই গ্রামের রেহানা খাতুনের জীবনেও এসেছে পরিবর্তন। আগে তার বসতঘরের অবস্থা ভালো ছিল না। ঝড়-বৃষ্টিতে ঘরের চাল দিয়ে পানি পড়ত। দুই সন্তান ও দিনমজুর স্বামীকে নিয়ে কষ্টে দিন কাটত তার। এখন পিকেএসএফের অর্থায়নে গণমুখী ফাউন্ডেশনের মাধ্যমে একটি জলবায়ুসহিষ্ণু ঘর পেয়েছেন তিনি। ঘরে সৌরবিদ্যুতের ব্যবস্থাও রয়েছে। বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি জীবিকা নির্বাহ করছেন।
দাতিনাখালী গ্রামের অর্জিনা পারভিনও নরম খোলসের কাঁকড়া চাষ করছেন। তিনি জানান, এ চাষের আয় দিয়ে সংসার ভালোভাবেই চলছে।
অন্যদিকে, একই গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী লবণাক্ততার কারণে জমি ও পানির সঙ্কটের কথা তুলে ধরে জানান, বসতভিটার জমিতে বস্তাপদ্ধতিতে আদা চাষ করছেন তারা। প্রচলিত কৃষিকাজ ব্যাহত হওয়ায় বিকল্প পদ্ধতিতে উৎপাদনের চেষ্টা করছেন।
লবণাক্ততায় কৃষি ও খাদ্যনিরাপত্তা হুমকিতে
বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, লবণাক্ত পানির অনুপ্রবেশ, চিংড়ি চাষের বিস্তার এবং উজানে মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর লবণাক্ততার যে প্রভাব তৈরি হয়েছিল, ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে এখনো তার চিহ্ন রয়েছে।
উপকূলীয় বাংলাদেশ ১৯টি জেলা নিয়ে গঠিত। দেশের মোট ভূখণ্ডের প্রায় ৩২ শতাংশজুড়ে বিস্তৃত এ অঞ্চলে প্রায় তিন কোটি ৯০ লাখ মানুষের বসবাস। লবণাক্ততা কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্রচলিত ফসল চাষের অনুপযোগী হয়ে পড়ে। ফলে পরিবারগুলো আয় হ্রাস, মৌসুমি দারিদ্র্য, জীবিকার অনিশ্চয়তা ও অভিবাসনের ঝুঁকিতে পড়ছে।
জলবায়ুর অভিঘাত মোকাবেলায় মানুষের সক্ষমতা বাড়ছে
দাতিনাখালীসহ উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছে এনজিএফ। সংস্থাটির নির্বাহী পরিচালক এম লুৎফর রহমান গতকাল নয়া দিগন্তকে বলেন, ১৯৮৭ সালে আমরা যখন এ এলাকায় কাজ শুরু করি, তখন মানুষের জীবনযাত্রার মান ছিল অত্যন্ত নি¤œ। ক্ষুধা ও দারিদ্র্য ছিল প্রকট। সময়ের সাথে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। মানুষের মধ্যে দারিদ্র্যের প্রভাব কমেছে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার সক্ষমতাও বেড়েছে।
তিনি বলেন, লবণাক্ততার কারণে ফসলের আবাদ কমে গেলেও মানুষ এখন বিকল্প পদ্ধতিতে চাষাবাদের চেষ্টা করছে। লবণাক্ততাসহিষ্ণু বীজ ব্যবহার করে ভালো ফলও পাচ্ছে। নিজেদের টিকে থাকার জন্য মানুষ নানা উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগে সহায়তা করছে এনজিএফ। সংস্থাটি কৃষকদের লবণাক্ততাসহিষ্ণু বীজ, গাছের চারা ও জীবিকা সহায়ক উপকরণ সরবরাহ করছে।
তার মতে, উপকূলের মানুষের মধ্যে এখন প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার প্রবণতা বাড়ছে। প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণ অব্যাহত থাকলে তারা নিজেদের জীবিকা আরো শক্তিশালী করতে পারবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








