এমপি নুসরাতের বাড়িতে আগুন ৩৮ জনের বিরুদ্ধে মামলা


পল্লী বিদ্যুতের পরীক্ষায় শর্টসার্কিটের আলামত মেলেনি

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে ৩৩ থেকে ৩৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে পল্লী বিদ্যুৎ সমিতির প্রাথমিক পরীক্ষায় তাদের সরবরাহ করা বিদ্যুৎ লাইনে কোনো ত্রুটি কিংবা শর্টসার্কিটের সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংস্থাটির এ জি এম তোজাম্মেল হক। মিটারের ভেতরের সার্কিট অক্ষত ছিল এবং সার্ভিস কেবলও অক্ষত পাওয়া গেছে বলে তার ভাষ্য। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে বিশেষজ্ঞ মতামত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। ঘটনার দুই দিন পর গতকাল দিনভর ঘটনাস্থলে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা দেখা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ও কুষ্টিয়ার পুলিশ সুপার বাড়িটি পরিদর্শন করেছেন। অন্য দিকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ক ঘুরে দেখে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। 
পরিদর্শন শেষে বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেন, মানুষের বসবাসের স্পষ্ট আলামত থাকার পরও বাড়িটিকে পরিত্যক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে। এমনকি তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে কি না- তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। অন্য দিকে পুলিশ বলছে, বিশেষজ্ঞের মতামত ও ফরেনসিক প্রতিবেদন ছাড়া আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। 
শুক্রবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। আগুন লাগার সম্ভাব্য কারণ, বিভিন্ন আলামত ও ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
কমিটির প্রধান জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়া হচ্ছে। বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাইয়ের পাশাপাশি ঘটনার ভিডিওফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়া হবে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো: আমিনুল ইসলামও গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়ির পরিস্থিতি ও তদন্তসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। আগুন লাগার কারণ অনুসন্ধানে পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ দিকে পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম তোজাম্মেল হক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পরীক্ষা-নিরীক্ষা করেন। তাদের অফিস থেকে সরবরাহ করা বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি। মিটারের প্লাস্টিক কভার খুলে গেলেও ভেতরের সার্কিট অক্ষত ছিল। সার্ভিস কেবল পরীক্ষা করে গ্রাউন্ডে বিদ্যুৎ পড়ার বিষয়টি দেখা গেছে। তবে সার্ভিস কেবল অক্ষত ছিল। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ফিউজ কাটা অবস্থায় পাওয়া যায়। বাড়ির মেইন সুইচের ফিউজও পরীক্ষা করে ছবি ও তথ্য সংরক্ষণ করা হয়েছে। তার ভাষ্য, সিদ্ধান্তের জন্য বিশেষজ্ঞ মতামত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা জরুরি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিশেষজ্ঞের মতামত ছাড়া কোনো বিষয় নিশ্চিতভাবে বলতে চান না তারা। আগুন লাগার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। 
বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য আবদুল গফুর এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুুল্লাহ আল আমিন। তারা বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরিবারের বসবাসের চিহ্ন, আসবাবপত্র, রান্নাসামগ্রী ও শিশুদের পড়াশোনার বইসহ বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেন।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তার কাছে মনে হয়েছে, এ ঘটনার সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা, উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানোর মতো কর্মকাণ্ড দেখা যাচ্ছে। তার বিশ্বাস, এটি তাদেরই কাজ। থানায় মামলা করতে যাওয়ার সময়ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সেখানে উপস্থিত থাকতে দেখেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো দৃশ্যমান ফলাফল তারা দেখতে পাননি।
সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, তারা বিরোধী দল থেকে একটি সংসদীয় প্রতিনিধিদল হিসেবে ঘটনাস্থলে এসেছেন। ঘটনাটি সরেজমিন পর্যবেক্ষণ এবং প্রকৃত অবস্থা দেখাই তাদের উদ্দেশ্য। যে বাড়িতে পরিবারের সদস্যরা ঘুমাতেন, যেখানে মানুষের বসবাসের চিহ্ন, খাওয়াদাওয়ার সামগ্রী ও শিশুদের পড়াশোনার বই রয়েছে, সেসব আলামত তারা নিজের চোখে দেখেছেন। অথচ বলা হচ্ছে, বাড়িটি পরিত্যক্ত ছিল এবং সেখানে দু’টি ছাগল থাকত। মানুষের বসবাসের আলামত থাকার পরও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করেছেন। 
কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য আবদুল গফুর বলেন, কিভাবে একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, সেটিই এখন দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে দেশবাসীর মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হলে নিরপেক্ষ তদন্তের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। 
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, সরকার সবকিছু দেখেও না দেখার ভান করছে কি না, সে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের কোনো মহল বা পক্ষ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের নাগরিকদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। 
আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা তাদের সংশ্লিষ্ট কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে। অপরাধী যে পক্ষেরই হোক, প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে গত বুধবার রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তার অভিযোগ, দুর্বৃত্তরা পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে কয়েকটি ছাগল ও মুরগি মারা যায় এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। 
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নাম উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে দৌলতপুর উপজেলা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তসাপেক্ষে।