
- সীমান্তজুড়ে নতুন সম্ভাবনার হাতছানি
- রাখাইন অববাহিকার সাথে মিলিয়ে অনুসন্ধানের তাগিদ
কক্সবাজারের উখিয়ার ইনানীর মাটির নিচ থেকে টানা গ্যাস নির্গমনের ঘটনা বাংলাদেশের জ্বালানি খাতে নতুন আশার আলো দেখাচ্ছে। এটি কি বিচ্ছিন্ন কোনো গ্যাস নির্গমন নাকি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশাল ভূগর্ভস্থ গ্যাসভাণ্ডারের অস্তিত্বের প্রাথমিক সঙ্কেত? এই প্রশ্ন ঘিরে এখন নতুন করে আলোচনায় এসেছে ইনানী, উখিয়া, টেকনাফ ও মিয়ানমার সীমান্তসংলগ্ন ভূগর্ভস্থ ভূতাত্ত্বিক অঞ্চল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইনানীর গ্যাস নির্গমনস্থল পরিদর্শনকারী বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও বিশেষজ্ঞ দলের প্রধান হাওলাদার রফিকুল ইসলামের মতে, টানা ১৫ দিন একই গতি ও চাপে গ্যাস নির্গত হওয়া ভূগর্ভে বড় ধরনের গ্যাসের আঁধার থাকার সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে।
অন্য দিকে বাপেক্সের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ এস এম নাফিফুন আরহাম মনে করেন, ঘটনাটি গুরুত্বপূর্ণ হলেও পূর্ণাঙ্গ গবেষণা ও ভূতাত্ত্বিক জরিপ ছাড়া গ্যাসের প্রকৃত মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: বদরুদ্দোজা মিয়া বাংলাদেশের অফশোর গ্যাস অনুসন্ধানে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে দ্রুত অনুসন্ধান কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছেন।
ইনানীর গ্যাস কি বড় কোনো ভাণ্ডারের সঙ্কেত?
ইনানীর গ্যাসের নমুনায় থার্মোজেনিক উপাদান শনাক্ত হওয়ার তথ্য নতুন করে ভূতাত্ত্বিক অনুসন্ধানের গুরুত্ব বাড়িয়েছে। থার্মোজেনিক গ্যাস সাধারণত ভূগর্ভের গভীরে দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা ও চাপে জৈব পদার্থের রূপান্তরের মাধ্যমে তৈরি হয়।
তবে গ্যাসের নমুনায় থার্মোজেনিক উপাদান পাওয়া এবং বাণিজ্যিক গ্যাসক্ষেত্র আবিষ্কার এক বিষয় নয়। এর প্রকৃত উৎস, গভীরতা, বিস্তৃতি, চাপ, মজুদ ও উত্তোলনযোগ্যতা নির্ধারণে প্রয়োজন আধুনিক ভূতাত্ত্বিক পরীক্ষা ও অনুসন্ধানী কূপ খনন।
সীমান্তের ওপারে গ্যাস, এপারে সম্ভাবনার অপেক্ষা
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন অববাহিকায় শ্বে, শ্বে ফিউ ও মিয়া গ্যাসক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে। বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চলের এই ভূতাত্ত্বিক অঞ্চল আন্তর্জাতিক জ্বালানি অনুসন্ধানে বিশেষ গুরুত্ব পেয়েছে।
ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও রাখাইন অববাহিকার মধ্যে তুলনামূলক গবেষণার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ ভূতাত্ত্বিক অববাহিকা রাজনৈতিক সীমান্ত মেনে গড়ে ওঠে না।
তবে মিয়ানমারের অংশে গ্যাস পাওয়া গেলেই বাংলাদেশের অংশেও একই ধরনের মজুদ রয়েছে, এমন সিদ্ধান্ত দেয়া যাবে না। এজন্য দুই অঞ্চলের ভূগর্ভস্থ স্তর, ফল্ট, সিসমিক তথ্য ও অনুসন্ধানী কূপের ফলাফল বিশ্লেষণ করতে হবে।
বাংলাদেশের জ্বালানি মানচিত্র বদলে দিতে পারে ইনানী
বাংলাদেশ বর্তমানে দেশীয় গ্যাসের ক্রমবর্ধমান ঘাটতি মোকাবেলায় আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভর করছে। এ অবস্থায় ইনানী কিংবা উখিয়া-টেকনাফ উপকূলের বিস্তৃত এলাকায় নতুন গ্যাসের বাণিজ্যিক মজুদ পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজারের শিল্পাঞ্চল, বিদ্যুৎ উৎপাদন এবং নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য দেশীয় গ্যাসের নতুন উৎস কৌশলগত গুরুত্ব বহন করবে।
কিন্তু সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রথমেই প্রয়োজন নিরাপদ গ্যাস ব্যবস্থাপনা, সিসমিক জরিপ, ভূতাত্ত্বিক বিশ্লেষণ এবং অনুসন্ধানী কূপ খনন।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে নতুন আশার ইঙ্গিত
ইনানীর গ্যাস নির্গমনস্থল পরিদর্শনকারী বিশেষজ্ঞ দলের প্রধান হাওলাদার রফিকুল ইসলামের পর্যবেক্ষণ অনুযায়ী, টানা ১৫ দিন একই গতি ও চাপে গ্যাস নির্গত হওয়া ভূগর্ভে বড় ধরনের গ্যাসের আধার থাকার সম্ভাবনা নির্দেশ করে। তবে তার মতে, প্রথমে নিরাপদে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
বাপেক্সের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ এস এম নাফিফুন আরহামের মতে, ইনানীর ঘটনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে গবেষণা ও জরিপ ছাড়া গ্যাসের প্রকৃত মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, অনিয়ন্ত্রিত গ্যাসের প্রবাহ জোর করে বন্ধ করার চেষ্টা করলে ভূগর্ভস্থ চাপের কারণে অন্য স্থান দিয়ে গ্যাস বেরিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যেকোনো পদক্ষেপ নিতে হবে বৈজ্ঞানিক ও নিরাপত্তাভিত্তিক পদ্ধতিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: বদরুদ্দোজা মিয়া বাংলাদেশের অফশোর গ্যাস অনুসন্ধানে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে বলেন, মিয়ানমার ইতোমধ্যে গ্যাস উৎপাদন করছে, ভারতও এ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশের সমুদ্রসীমায় অনুসন্ধানের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনই অনুসন্ধান কার্যক্রম শুরু ও জোরদার করা জরুরি।
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে আনা হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম। গতকাল শুক্রবার সকাল থেকে লরি ও ক্রেনের সাহায্যে এসব সরঞ্জাম ঘটনাস্থলে নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ইনানীতে নলকূপ থেকে গ্যাস বেরিয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এর পর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, ‘বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।’
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী ধাপে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে তিনি জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এ দিকে বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের স্তর থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি কোনো ক্ষুদ্র গ্যাস পকেটের পরিবর্তে বড় মজুদের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের প্রকৃত মজুদ কিংবা বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থসহ দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ নিশ্চিত হওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। এমন সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। এর পর থেকে গ্যাসের আগুন অব্যাহতভাবে জ্বলছে। ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








