আসিফ নজরুলের ফোন উদ্ধার হয়নি, চেষ্টায় এসআরবি, পুলিশ

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা বলছেন, আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ফোনটি উদ্ধার করা সম্ভব হবে। ইতোমধ্যে ফোনটি উদ্ধারের খুব কাছাকাছি গিয়েও সেটি পাওয়া যায়নি। 
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে নিউ মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন আসিফ নজরুল। তার গাড়ির জানালার গ্লাস খোলা ছিল। সোবহানবাগ এলাকায় পৌঁছালে এক দুর্বৃত্ত গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে তার ফোনটি নিয়ে যায়। এই ঘটনায় শেরেবাংলানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে থানা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর অন্য সদস্যরা মাঠে নামেন। 
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান গতকাল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালেও চালু ছিল ফোনটি। তখন অবস্থান দেখাচ্ছিল মিরপুরে। ফোনটির অবস্থান থেকে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছেও শেষ পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। নতুন সিম কেনায় পুরনো সিমটি বন্ধ হয়ে যায়। ফোনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে  সেটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফোনটি উদ্ধারে গুরুত্বের সাথে তদন্ত করছি। আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থাও মোবাইল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধারণা, আসিফ নজরুলের ফোনটি আইফোন হওয়ায় সেটি উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে।  

Advertisement