বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্ন এড়িয়ে গেল ভারত

 নয়া দিগন্ত ডেস্ক
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য প্রকাশ করে বিবিসি বাংলার প্রতিবেদন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেছেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী তা মোকাবেলা করা হবে।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা।
ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এটি একটি আইনি বিষয়। সে অনুযায়ী বিষয়টি মোকাবেলা করা হবে।
এ দিকে বাংলাদেশের সাথে অনুষ্ঠিতব্য কনসুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে আরেক প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র বলেন, বাংলাদেশের সাথে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।
রণধীর জয়সওয়াল আরো বলেন, ভারত-বাংলাদেশ কনসুলার সংলাপের পরবর্তী পর্ব উভয়পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।
বিদ্যমান কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

Advertisement