সাগরে আরো একটি লঘুচাপ হতে পারে ঘূর্ণিঝড়

 নিজস্ব প্রতিবেদক
আবারো একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি থেকে শেষ পর্যন্ত একটি ঘূর্ণিঝড় হতে পারে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গতকাল শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়ে ঘূর্ণাবর্তের। তা থেকে সৃষ্টি হয়েছে লঘুচাপ অঞ্চলের। বাংলাদেশের আবহাওয়া অফিস এরচেয়ে বেশি তথ্য না দিলেও কানাডা প্রবাসী আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, এই লঘুচাপটি শিগগিরই আরো শক্তিশালী হতে পারে।
তিনি আরো বলেন, লঘুচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং শনিবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর হয়তো আগামী সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ের আগের পরিস্থিতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন উপকূলের দিকে অগ্রসর হবে তা এখনো বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড় হলে তখন বলা সম্ভব হবে। আপাতত এটুকু বলা যাচ্ছে, বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
উল্লেখ্য, বাংলাদেশে নভেম্বর মাসটি ঘূর্ণিঝড়ের মাস। প্রতি বছরই এই মাসে ঘূর্ণিঝড় না হলেও নিম্নচাপ হয়ে থাকে। অতীতে এই নভেম্বর মাসে দুই বড় ঘূর্ণিঝড়ের ইতিহাস রয়েছে। একটি ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডর এবং অন্যটি ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে সংঘটিত যা ভয়াল ভোলা ঝড় নামে পরিচিত। ওই ঝড় ১৮৫ থেকে ২২৪ কিলোমিটার বেগে ভোলায় আঘাত হানে। ঝড়ে বাংলাদেশের কমপক্ষে পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়। অন্য দিকে সিডরও রাতে আঘাত হানে। সুন্দরবনের নিকটবর্তী দুবলারচর ও বরগুনা উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করে। ২৬০ থেকে ৩০৫ কিলোমিটারের সিডর উপকূলে আঘাত হানে। সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার মানুষের মৃত্যু ঘটে সিডরের আঘাতে। ১৯৭০ সালে ঝড়ের খবরটি উপকূলের মানুষের কাছে পৌঁছাতে না পারলেও সিডরের খবরটি সময় মতোই মানুষকে জানানো হয়। বেশির ভাগ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায় বলে প্রাণহানির সংখ্যা কমে যায়। প্রাণহানি কমে গেলেও লক্ষাধিক মানুষের  সম্পদের ক্ষতি হয়েছিল সিডরের কারণে। 
এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়টির ব্যাপারে আবহাওয়াবিদ মোস্তফা কামাল কৃষকদের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শীতকালীন শাকসবজিচাষিদের বিশেষ করে আলুচাষিদের আগামী ১৬ নভেম্বরের পরে নতুন করে জমিতে কৃত্রিম সেচ দেয়ার প্রয়োজন নেই। কারণ ঝড় হোক অথবা সেটি নিম্নচাপ পর্যন্ত হোক তা থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে ক্ষেতে অনেক বেশি পানি জমে যাবে তাতে শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

Advertisement