জাকির নায়েকের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ভারত

এএনআই
জনপ্রিয় ও প্রভাবশালী ইসলামী বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানিয়েছে। আগামী ১৪ নভেম্বর আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল; কিন্তু তার আগেই নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করল নয়াদিল্লি। 
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরএফ এমন সব কর্মকাণ্ডে লিপ্ত যা দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ। সংগঠনটির তৎপরতায় ভারতের অভ্যন্তরীণ শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার পাশাপাশি দেশটির ধর্মনিরপেক্ষ কাঠামোও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে পরবর্তী পাঁচ বছর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. জাকির আবদুল করিম নায়েক এবং এর সদস্যরা ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ‘বিরোধ, শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ’ ছড়াচ্ছেন, যা ভারতের ঐক্য ও নিরাপত্তার পরিপন্থী। ভারতের সরকারি কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, জাকির নায়েকের ‘আপত্তিকর ও উসকানিমূলক’ বক্তৃতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ইন্ধন জোগায় এবং ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডে জড়াতে উৎসাহিত করে। 
১৯৯১ সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে আইআরএফ প্রতিষ্ঠা করেন জাকির নায়েক। পরবর্তী সময়ে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবার আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হয়। পাশাপাশি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৫ নম্বর ধারায় গঠিত একটি ট্রাইব্যুনাল যথেষ্ট কারণ যাচাই সাপেক্ষে ২০১৭ সালের ২২ মে এবং ২০২২ সালের ৩০ মার্চ দেয়া আদেশে আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণার সরকারি সিদ্ধান্ত বহাল রাখে।

Advertisement