
নয়া দিগন্ত ডেস্ক
দেশে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের প্রাণ গেছে। এই সময়ে এক হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪৮৩ জন মারা গেলেন ডেঙ্গুতে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু’জনেই ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। আর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রামে ২৬৭, বরিশালে ১৪৭, খুলনায় ১৬০, রাজশাহী ৮৯, রংপুর বিভাগে ৭৬, ময়মনসিংহে ৭৬, সিলেটে ছয়জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের বেশি।
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেট ব্যুরো জানায়, সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন ১১ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ৫, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯, নর্থইস্ট মেডিক্যালে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১০৬৮ জনের মধ্যে হবিগঞ্জে ৪২৯, সুনামগঞ্জে ২৪৬, সিলেটে ২৬৯ এবং মৌলভীবাজারে ৯১ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








