
রাজশাহী ব্যুরো
উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রাজশাহী সুগার মিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ চিনিকলকে লাভজনক ও টেকসই করতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। একই সাথে কৃষক, শ্রমিক ও চিনিকলের স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী-৩ আসনের এমপি ও পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শফিকুল হক মিলন।
গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উৎসবমুখর পরিবেশে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
শফিকুল হক মিলন বলেন, রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে পরিচিত এ চিনিকল দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে। চিনিশিল্পকে লাভজনক ও টেকসই করতে আখের উৎপাদন বৃদ্ধি এবং কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করা জরুরি। এ শিল্পের সাথে হাজারো কৃষক, শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। তাই চিনিকলের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার স্বার্থ সংরক্ষণ করতে হবে।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বিগত সরকারের নেতারা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন। তারা এখন বিদেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বিভিন্ন বক্তব্য ও হুমকি-ধমকি দিচ্ছেন। তার অভিযোগ, ওই সরকারের আমলে দেশে খুন, গুম ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং মানুষের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই শাসনের অবসান ঘটিয়েছে।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এমপি মিলন বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও হত্যার শিকার ব্যক্তিদের ঘটনায় জড়িতদের এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারের মুখোমুখি করতে হবে।
নিজেদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ উল্লেখ করে তিনি বলেন, তারা দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে তারা ভয় পান না।
আসন্ন ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করে দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার এবং বিজয় উদ্যাপনের আহ্বান জানান তিনি। একই সাথে তার নির্বাচনী এলাকার কৃষক, শ্রমিক ও চিনিকলের সাথে সংশ্লিষ্ট কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে গুরুত্ব দেন।
রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে পাঁচ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাদের উৎপাদিত আখ দিয়েই চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো: মুজিবুর রহমান, যুগ্ম সচিব মো: সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।
এর আগে এমপি মিলন চিনিকলের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে উদ্বোধনী আলোচনা সভায় আখচাষিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও স্থানীয় আখচাষিরা অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








