আলীনগরে জমি বিরোধের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় দীর্ঘদিনের জমিসংক্রান্ত জটিলতার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। একই সাথে হাইকোর্টের দেয়া আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা। 
গতকাল শুক্রবার বেলা ৩টায় জঙ্গল সলিমপুর আলীনগর মোড়ের সংযোগ সড়কে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য রাখেন হাইকোর্টে রিটকারী মো: মীর হাসানসহ অন্যান্য ভুক্তভোগী। 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আলীনগর একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। জমি নিয়ে ভুল বোঝাবুঝি ও হয়রানি বন্ধ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো এখন সময়ের দাবি। 
তারা বলেন, রিট পিটিশন নং- ১৪৬৭২/২০২৬-এ গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে হাইকোর্ট চট্টগ্রামের জেলা প্রশাসককে আদেশ প্রাপ্তির তারিখ থেকে এক মাসের মধ্যে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীদের প্রত্যাশা, প্রশাসন এই আদেশ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিলে এলাকায় শান্তি ও আস্থা ফিরে আসবে। 
সংবাদ সম্মেলন তাদের তিনটি দাবি হচ্ছে- জুডিশিয়াল তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা ও ভোগদখলের বিষয়টি যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা। রেজিস্ট্রিকৃত ব্যক্তিমালিকানাধীন জমিতে বসবাসরত সাধারণ মানুষকে হয়রানি না করে আইনানুগভাবে সমস্যার সমাধান করা। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের মধ্যে আলোচনার মাধ্যমে আলীনগরের বিরোধের স্থায়ী সমাধান করা। 
ভুক্তভোগীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।