বিডি হাবিবুল্লাহ ছিলেন বাংলাদেশপন্থী রাজনীতির অগ্রপথিক

 

Advertisement

 বরিশাল ব্যুরো

বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী বদরুদ্দোজা (বিডি) হাবিবুল্লাহ ছিলেন, বাংলাদেশপন্থী রাজনীতির অগ্রপথিক। তার সমগ্র চিন্তা-চেতনায় ছিল গভীর দেশপ্রেম। তিনি অসাম্প্রদায়িক চেতনা লালন করে মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা ভাবতেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আমৃত্যু কাজ করেছেন। 
বৃহস্পতিবার রাতে দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে অনুষ্ঠিত বিডি হাবিবুল্লাহর ২৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আ. খা মো: আবদুর রব।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিমউদ্দিন আহমেদ পান্না। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তবুলি ম্যাগাজিনের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইউসুফ। বিডি হাবিবুল্লাহর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার নাতনি নাফিসা আতিক উল্লাহ। বক্তব্য রাখেন বিএম কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর আকতার উদ্দিন চৌধুরী, লেখক ও গবেষক বেগম ফয়জুন নাহার শেলী, দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল মহানগর শাখার সহসভাপতি মো: আবদুল হাই, শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, কলসকাঠি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) সুরাইয়া শিউলী। বক্তারা বিডি হাবিবুল্লাহর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করে তার জীবনী তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।