
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে জুলাই গণহত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে সাক্ষী হওয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে ইফতেখারুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। ফজলে করিমের মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তিনি। এ ছাড়া আরো এক সাক্ষী নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১০ নভেম্বর পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন করেন ইফতেখারুল ইসলাম। আবেদনে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যার ঘটনায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর মামলার ১৫ নভেম্বর তার সাক্ষ্য গ্রহণ রয়েছে।
আবেদনে আরো উল্লেখ করা হয়, গত ৩ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত বাসায় অবস্থানকালে তার মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন আসে। ফোনকারীরা নিজেদের ফজলে করিম ও ফারাজ করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে সাইফুল ইসলাম ও অজ্ঞাতনামা ব্যক্তিরাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকার জন্য নানা রকম ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও বিভিন্নভাবে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন ইফতেখারুল ইসলাম।
ইফতেখারুল ইসলাম অভিযোগ করেন, ফোন করে হুমকি দিচ্ছে, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি দিচ্ছে। এতে আতঙ্কে আছি। যারা হুমকি দিচ্ছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে পাঁচলাইশ থানার এসআই মো: আশরাফ উদ্দিন সরকার বলেন, হুমকি বিদেশী নাম্বার থেকে দেয়া হয়েছে। বিদেশী নাম্বার থেকে কে হুমকি দিয়েছে আমরা তা বলতে পারি না। জিডির কপি এখনো আমি হাতে পাইনি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়াও গত ২ নভেম্বর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন স¤্রাট রুবায়েত। জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগরে সংঘটিত জুলাই গণহত্যা নিয়ে ফজলে করিম চৌধুরীসহ একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ নভেম্বর হতে শুরু হবে। গত ৩ সেপ্টেম্বর ফজলে করিম চৌধুরীর অনুসারী পরিচয় দিয়ে ফোন করে তাকে এবং মামলার সাক্ষী আবদুল্লাহ আল মামুনকে সাক্ষ্য দিতে নিষেধ করে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে সম্রাট রোবায়েত বলেন, তাদের হুমকির পর থেকে একটা আতঙ্কে আছি। আমরা নিরাপত্তা চাই। যারা হুমকি দিয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








