ব্যক্তিমালিকানাধীন কাঁচাবাজার উচ্ছেদ ডিএসসিসি প্রশাসকসহ সাতজনকে নোটিশ

 নিজস্ব প্রতিবেদক
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ লাইসেন্স নিয়ে পরিচালিত একটি ব্যক্তিমালিকানাধীন কাঁচাবাজার উচ্ছেদ করেছে মোবাইল কোর্ট। রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশনের পাশে গড়ে ওঠা ওই কাঁচাবাজারে দীর্ঘ ৩২ বছর ধরে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করে থাকেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ডিএসসিসির প্রশাসকসহ সাতজনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ভুক্তভোগী শাহনাজ আক্তার। গত ১ নভেম্বর আইনজীবীর মাধ্যমে তিনি এ লিগ্যাল নোটিশ পাঠান। 
ভুক্তভোগীর অভিযোগ, এই সম্পত্তিতে সরকারের কোনো স্বত্ব নেই। ব্যক্তিমালিকানাধীন বাজারটিতে উচ্ছেদ অভিযান চালানো হলেও জমির মালিককে কোনো ধরনের নোটিশ বা অবগত না করেই কাঁচাবাজারের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। 
ভুক্তভোগীর আইনজীবী জিয়াউল হাসান জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: আবদুস সালাম, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, ডিসি ওয়ারী, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঢাকা দক্ষিণ বিএনপি আহ্বায়ক তানভীর আহম্মেদ রবিন, শ্যামপুর থানার বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম মাওলা হিমেল ও ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিকে লিগ্যাল নোটিশটি ডাকযোগে পাঠানো হয়েছে। নোটিশগুলো ইতোমধ্যে প্রাপকরা গ্রহণ করেছেন।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গত ১৯৯৪ সালের ২৮ নভেম্বর একটি সাফ কবলা দলিলের মাধ্যমে ঢাকার শ্যামপুর এলাকার ওই জমিটি ক্রয় করা হয়। জমিটি তখন নিচু ও জলাশয় থাকলেও পরে মাটি ও বালু দিয়ে ভরাট করে সেখানে একটি বেসরকারি বাজার গড়ে তোলা হয়। বাজারটি পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়া হয়। লাইসেন্স নং- ডিএসসিসি-০৩। 
লিগ্যাল নোটিশে দাবি করা হয়, ভুক্তভোগী শাহনাজ আক্তারের স্বামী জমিটি ক্রয় করার পর থেকে ভোগদখল করে আসছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের ৭৫ নম্বর সতীশ সরকার লেন, ‘শহীদ নগর কাঁচাবাজার’ বেসরকারি বাজারের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্সটি নবায়নের জন্য জরিমানাসহ মোট দুই লাখ ২৭ হাজার ১৬৯ টাকা গত ৯ সেপ্টেম্বর পরিশোধ করেন শাহনাজ আক্তার। এ ছাড়াও কাঁচাবাজারের জন্য শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেটর, ঢাকা পূর্বকে তিনি ৩৭ হাজার ৮১২ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন।  
ভুক্তভোগী শাহনাজ আক্তার এই প্রতিবেদককে বলেন, ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে প্রতিষ্ঠিত বাজারটি ভেঙে দেয়া বা সম্পত্তির স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত করার মতো কোনো উদ্যোগ নেয়ার আগে মালিকানার বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন। বাজারটি কোনো সরকারি সম্পত্তি নয় এবং এর ওপর সরকারের কোনো মালিকানাস্বত্ব নেই। জমির মালিকানা ও বাজার পরিচালনার বৈধতা সমর্থনে ট্রেড লাইসেন্স ও সংশ্লিষ্ট কাগজপত্রের অনুলিপি রয়েছে। 
তিনি বলেন, নোটিশে মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পাশাপাশি সম্পত্তির মালিকানাসংক্রান্ত অধিকার ও বাজারের কার্যক্রমে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement