
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি বা পবিবে) সিরামিক ইনসুলেটর ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিগত কয়েক বছরে এক বিশেষ চক্র ঘুরেফিরে সিংহভাগ কার্যাদেশ পাচ্ছে। দু’টি চীনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং তাদের স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে ভুয়া টাইপ টেস্ট রিপোর্ট জমা দিয়ে শত কোটি টাকার কাজ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
পবিবে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণকারী সংস্থা। ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রুরাল ইলেকট্রিক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের মডেলে গঠিত এই সংস্থা বর্তমানে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে প্রায় ৪ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে। আনুমানিক ৬ লাখ ১৫ হাজার কিলোমিটার বিতরণ ও সঞ্চালন লাইনের বিশাল নেটওয়ার্ক পরিচালনা করছে।
বিশ^ ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পে ১১ কেভি ও ৩৩ কেভি সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নে জোর দেয়া হচ্ছে। এসব কাজে খুঁটি, তার, ট্রান্সফরমার এবং লো ও মিডিয়াম ভোল্টেজের সিরামিক ইনসুলেটর অপরিহার্য।
তবে অভিযোগ, পবিবে সাধারণত আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট মানদণ্ড অনুসরণ করে ইনসুলেটর ক্রয় করে। সম্প্রতি একটি দরপত্রে (আইটেম সি-১০ ও সি-১১) চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও সর্বনিম্ন দরদাতাদের বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে পিংশিয়াং চিয়াংশেন ও হেক্সাগণ বিডিটেক কার্যাদেশ লাভ করে। তাদের দাখিলকৃত কাগজপত্র অনলাইনে যাচাই করে দেখা যায়, সি-১১ (অঘঝও ৫২-৪) আইটেমের বিপরীতে জমা দেয়া টাইপ টেস্ট রিপোর্টটি মূলত সম্পূর্ণ অন্য একটি প্রতিষ্ঠানের এবং ভিন্ন একটি আইটেমের নামে ইস্যু করা। সি-১০ (অঘঝও ৫২-১)-এর রিপোর্টেও কোনো অভিন্নতা নেই। ল্যাবের টেস্ট রিপোর্ট নম্বর সবসময় ৬ সংখ্যার হয়, কিন্তু পিংশিয়াং চিয়াংশেন ৭ সংখ্যার একটি নম্বর দিয়ে জাল রিপোর্ট তৈরি করেছে বলে অভিযোগ।
দরপত্রের শর্তানুসারে প্রতিটি সরবরাহকারীকে প্রস্তাবিত মালামালের বিপরীতে স্বীকৃত টেস্টিং ল্যাবরেটরি থেকে ‘টাইপ টেস্ট রিপোর্ট’ জমা দিতে হয় এবং ক্রয়কারী সংস্থা হিসেবে পবিবের দায়িত্ব সেসব রিপোর্টের সত্যতা যাচাই করা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, পিংশিয়াং হুয়াচি ইনসুলেটরস গ্রুপ কোং লিমিটেডের দাখিল করা টাইপ টেস্ট রিপোর্টগুলো প্রশ্নবিদ্ধ।
চীনা পরীক্ষাগার টেস্ট রিপোর্টগুলো তাদের ল্যাবে সংরক্ষিত মূল রিপোর্টের সাথে মিলছে না বলে জানায়। তারা নিশ্চিত করেছে যে, পিংশিয়াং হুয়াচির দাখিলকৃত টেস্ট রিপোর্টগুলো ভুয়া।
ডিজিটাল যুগে বেশির ভাগ রিপোর্ট অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে সহজে যাচাই করার সুযোগ থাকলেও পবিবের কারিগরি মূল্যায়ন কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, জালিয়াতির মাধ্যমে তৈরি এসব ভুয়া টেস্ট রিপোর্ট ব্যবহার করেই পিংশিয়াং হুয়াচি ও তাদের স্থানীয় প্রতিনিধি ‘ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং’ কয়েক শ’ কোটি টাকার কার্যাদেশ হাতিয়ে নিয়েছে। শুধু জালিয়াতিই নয়, এই সিন্ডিকেট চক্র ই-জিপি প্রক্রিয়ার সিগনিফিক্যান্টলি লো টেন্ডার কৃত্রিম দর নিয়ন্ত্রণ করছে, যাতে নতুন কোনো যোগ্য দরদাতা প্রতিযোগিতায় টিকতে না পারে।
দরপত্রে নতুন সরবরাহকারীদের সব কাগজপত্র নিরপেক্ষভাবে পরীক্ষার জন্য একটি বিশেষ সাব-কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে পবিবের সাব-কমিটি কিংবা কারিগরি মূল্যায়ন কমিটি-কোনো পক্ষই এই বিশাল জালিয়াতি ধরতে পারেনি। ফলে ভুয়া কাগজপত্র দিয়েই সর্বনিম্ন দরদাতাকে পাশ কাটিয়ে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানটি কার্যাদেশ পেয়ে যায়।
সেবা খাতের গুণগত মান বজায় রাখা যেখানে প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ছিল, সেখানে ভুয়া ও জাল টাইপ টেস্ট রিপোর্টের ওপর ভিত্তি করে কোটি কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সিন্ডিকেট এবং অসাধু কর্মকাণ্ড কেবল নতুন ও সৎ সরবরাহকারীদের প্রতিযোগিতা থেকে বঞ্চিত করছে না, বরং নিম্নমানের ইনসুলেটর ব্যবহারের ফলে পুরো দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
এ ব্যাপারে পবিবের কারিগরি মূল্যায়ন কমিটির কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








