সন্তানের মুক্তির আশায় টাকা দিয়েও মেলেনি সন্ধান

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

ছেলের কণ্ঠস্বর একবার শোনার আকুল আকুতিতে বিভিন্ন সময়ে বিকাশ নম্বরে পাঠানো হয়েছিল সর্বমোট পাঁচ লাখ টাকা। বার্ধক্যের সব সঞ্চয় ও স্বজনদের সহায়তায় জোগাড় করা সেই অর্থ পরিশোধের পর আশা ছিল- অন্তত আটক ছেলের কথা শুনতে পাবেন, নিশ্চিত হতে পারবেন সে বেঁচে আছে। কিন্তু মুক্তিপণের টাকা হাতে পেয়েও নিষ্ঠুর মানব পাচারকারীরা কথা রাখতে দেয়নি; উল্টো জীবন বাঁচানোর নামে চাওয়া হলো আরো ৪২ লাখ টাকা! লিবিয়ায় জিম্মি হওয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের যুবক সাইফুলের (৩৯) জীবন বাঁচাতে গিয়ে এভাবেই চরম প্রতারণা ও নিখোঁজ যন্ত্রণার মুখোমুখি হয়েছেন তার ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবা আব্দুস সামাদ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মামলার তদন্তের ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর থেকে ঘটনার সাথে সরাসরি জড়িত মানব পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সিআইডির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। 
সিআইডি জানায়, পারিবারিক আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় দুই বছর আগে ভিটেমাটি আঁকড়ে থাকা স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন মো: সাইফুল (৩৯)। স্থানীয় দালাল সোহেলের মাধ্যমেই প্রবাসে যাওয়ার সব ব্যবস্থা সম্পন্ন হয়েছিল। তবে প্রবাসে গিয়ে উপার্জনের মুখ দেখার আগেই তিনি মানব পাচারকারী চক্রের নির্মম শিকার হন।
সিআইডি সূত্রে জানা যায়, লিবিয়ায় পৌঁছানোর পর চক্রের সদস্যরা সাইফুলকে আটক করে এক অজানা স্থানে জিম্মি করে রাখে। গত বছরের ৫ আগস্ট লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, সাইফুল তাদের হেফাজতে রয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। একই সাথে হুমকি দেয়া হয়- দাবিকৃত অর্থের অর্ধেক না দিলে সাইফুলকে হত্যা করা হবে এবং কোনো অবস্থাতেই পরিবারের সাথে তাকে কথা বলতে দেয়া হবে না।
টাকা পাওয়ার পর সাইফুলের সাথে স্বজনদের কথা বলিয়ে দেয়ার প্রতিশ্রুতি থাকলেও তা রক্ষা করেনি অপহরণকারীরা। কয়েক দিন পর নতুন একটি নম্বর থেকে বৃদ্ধ আব্দুস সামাদের মোবাইল ফোনে কল করে অপহরণকারীরা জানায়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামে দুই ব্যক্তির কাছে সাইফুল সরাসরি আটক রয়েছেন। তার ছেলেকে জীবিত উদ্ধার করতে হলে আরো ৪২ লাখ টাকা পরিশোধ করতে হবে। একের পর এক মুক্তিপণের দালালিতে অতিষ্ঠ ও প্রতারিত হয়ে বৃদ্ধ বাবা স্পষ্ট জানিয়ে দেন-ছেলের সাথে সরাসরি কথা বলতে না দিলে আর এক টাকাও দেবেন না। এর পর থেকে অপহরণকারীদের সব ফোনকল বন্ধ হয়ে যায় এবং সাইফুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্তানের জীবনের আশঙ্কায় চরম অসহায় অবস্থায় পড়ে আব্দুস সামাদ বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সিআইডির বিশেষ তদন্তকারী দল তথ্য-উপাত্ত বিশ্লেষণ, ডিজিটাল ট্র্যাকিং ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত মানব পাচারকারীদের অবস্থান শনাক্ত করে। পরে গত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মো: মনোয়ার হোসেন (৪০) ও মো: সোহেল রানা (৪৫) কে গ্রেফতার করে সিআইডি।