জনগণ ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে ফেরার সুযোগ দেবে না : আইনমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান : নয়া দিগন্ত।

বাসস

Advertisement

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকার ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেকেই ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এসব কর্মকাণ্ডের সাথে কারা এবং কিভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।
সাংবাদিকতার দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে মো: আসাদুজ্জামান বলেন, গণমাধ্যম মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সাথে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা ও পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেয়া হবে। তিনি আরো বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। 
গত প্রায় ৯ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেনি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পুলিশ বাদি হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে।
মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারের ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।
ঢাকার ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শিকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত। নেতৃত্ব কিংবা কর্তৃত্বের প্রশ্নে সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দু’টি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা আরো দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো: রাশেদ খান।
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার হেড অব নিউজ মো: কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দফতর সম্পাদক রুবেল পারভেজসহ ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।