
এনডিটিভি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের মোবাইল ফোনে আড়ি পাতার গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার ইনস্টাগ্রামে একটি অনলাইন প্রশ্নোত্তর সেশনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। নিজের হাতে থাকা মোবাইল ফোনটি উঁচিয়ে ধরে রাহুল দাবি করেন, এ বিষয়ে সব প্রমাণ ওই ফোনেই রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদি নিজেও বিষয়টি সম্পর্কে অবগত আছেন।
পাশাপাশি, বিভিন্ন ইস্যুতে মোদির সাথে সরাসরি প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও ছুড়ে দেন। ইনস্টাগ্রামে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীকে নিশানা করেন কংগ্রেস নেতা। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই গুরুতর অভিযোগের সপক্ষে ওই সেশনে সুনির্দিষ্ট কোনো প্রযুক্তিগত প্রমাণ বা তথ্য উপস্থাপন করেননি রাহুল গান্ধী।
এর আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার ফোন ট্যাপিংয়ের অভিযোগ এনেছিলেন রাহুল। অতীতে তিনি দাবি করেছিলেন, সরকারি সংস্থাগুলোর মাধ্যমে তার এবং দেশের আরো অনেক রাজনীতিকের ফোনে ‘পেগাসাস’ স্পাইওয়্যার ইনস্টল করা হয়েছিল। এমনকি গোয়েন্দা কর্মকর্তারা তাকে সতর্ক করে ফোন করেছিলেন বলেও সে সময় দাবি করেছিলেন তিনি।
তবে সরকারের পক্ষ থেকে বরাবরই এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








