
পলিটিকো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান। এজন্য সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছেন তিনি। বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সাথে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে হিউইট জানতে চান, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার কথা ভাবছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, আমি ক্ষমতা ছাড়ার আগে কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই। এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, কিউবার জন্য আমাদের একজন অত্যন্ত দক্ষ ও প্রতিভাবান ব্যক্তি আছেন, মার্কো। আপনারা জানেন, মার্কোর মা-বাবা কিউবার। আর তিনি নিজেও এটা করতে আগ্রহী। কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার কথা ট্রাম্প আগেও একাধিকবার বলেছেন। তবে এবারই প্রথম সম্ভাব্য সামরিক অভিযানের জন্য নিজের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগের একটি সময়সীমার কথা উল্লেখ করলেন তিনি।
গত মার্চে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, কিউবা ‘দখলে নেয়ার সম্মান’ তার হতে পারে বলে তিনি মনে করেন। পরে কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এরপর দ্বীপ দেশটির ওপর তেল অবরোধ আরোপ করে ওয়াশিংটন। এতে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে ও দেশটিতে মানবিক সঙ্কট দেখা দেয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








