রেকর্ড বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্রের অর্থনীতি
  • অক্টোবরে ঘাটতি পৌঁছাল রেকর্ড ৪০৪ বিলিয়ন ডলারে
  • সামরিক ও সুদ পরিশোধের ব্যয় বৃদ্ধিতে বেড়েছে খরচ
  • বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে



যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে একসাথে দেখা দিয়েছে রেকর্ড বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ গত অক্টোবরে মার্কিন সরকারের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৪০৪ বিলিয়ন ডলারে, যা অক্টোবর মাসের ইতিহাসে সর্বোচ্চ। অন্য দিকে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতির পারদও চড়তে শুরু করেছে।
মার্কিন অর্থ দফতরের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে বাজেট ঘাটতি ১২০ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট ঘাটতি প্রায় দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করলেও আগের অর্থবছরে তা ছিল প্রায় ৬ দশমিক ২ শতাংশ। অক্টোবরের এই রেকর্ড ঘাটতি নতুন করে বড় আর্থিক ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।
রাজস্ব আয় কমার বিপরীতে সরকারি ব্যয় বৃদ্ধিই এই বিশাল ঘাটতির মূল কারণ। অক্টোবরে মার্কিন সরকারের মোট রাজস্ব আয় ৯ শতাংশ কমে ৩৬৯ বিলিয়ন ডলারে নেমেছে। এর পেছনে নিট শুল্ক আয় ৩৯ শতাংশ কমে যাওয়া এবং ব্যক্তিগত কর আদায় হ্রাসের বড় ভূমিকা রয়েছে। অন্য দিকে সরকারি ব্যয় গত বছরের একই মাসের তুলনায় ১২ শতাংশ বেড়ে ৭৭৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কৃষি ও সামরিক খাতের খরচ এবং ফেডারেল ঋণের সুদ পরিশোধের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ায় এই রেকর্ড তৈরি হয়েছে।
বাজেট ঘাটতির চাপের পাশাপাশি দেশটিতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন শ্রম দফতরের পরিসংখ্যান অনুযায়ী, জ্বালানি তেলের উচ্চমূল্যের প্রভাবে সেপ্টেম্বরে ভোক্তা মূল্যস্ফীতি আরো বেড়েছে। আগস্টে ভোক্তা মূল্যসূচক শূন্য দশমিক ৪ শতাংশ বাড়লেও সেপ্টেম্বরে তা শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বার্ষিক মূল্যস্ফীতির হার আগস্টের ৩ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম এক লাফে ৯ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক মূল্যস্ফীতি বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

Advertisement