
আলজাজিরা
সৌদি আরবের তেল ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে দেশটিতে ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আরো বাড়িয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস। বৃহস্পতিবার আলজাজিরার পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হাউছি বিদ্রোহীদের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার তারা রাজধানী রিয়াদে অবস্থিত সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনকে লক্ষ্যবস্তু করেছে। এ ছাড়া শারুরা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে থাকা সামরিক কার্গো উড়োজাহাজেও হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, প্রথম অভিযানে শারুরায় ড্রোন ব্যবহার করে সামরিক কার্গো উড়োজাহাজে এবং দ্বিতীয় অভিযানে খামিস মুশাইতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে হাউছিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্য দিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদের দিকে ধেয়ে আসা হাউছিদের একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। এর কিছুক্ষণ পর জোট বাহিনী আরো একটি ড্রোন প্রতিহত করার দাবি করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








