নেতানিয়াহুর চাপ সত্ত্বেও ইরানে হামলার বিপক্ষে আইডিএফ
নেতানিয়াহুর চাপ সত্ত্বেও ইরানে হামলার বিপক্ষে আইডিএফ।

 টাইমস অব ইসরাইল
ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক অভিযান চালানোর মতো কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকের পর এই মূল্যায়ন তুলে ধরা হয়।
ইসরাইলি টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাথে দ্রুত নতুন করে সঙ্ঘাত শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দিতেই নেতানিয়াহু ওই বৈঠক ডেকেছিলেন। বৈঠকে সামরিক সচিব মেজর জেনারেল গাই মার্কিজেনোও উপস্থিত ছিলেন। চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, বৈঠকে আইডিএফের ব্রিফিংয়ের মূল বক্তব্য ছিল- ইরানে হামলা চালানোর মতো কোনো তাৎক্ষণিক বাধ্যবাধকতা ইসরাইলের নেই; বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কোনো হামলা শুরু করলে তবেই ইসরাইলের সেই সঙ্ঘাতে যোগ দেয়া উচিত বলে জানানো হয়।
চ্যানেল ১২ আরো জানায়, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের মধ্যস্থতায় নেতানিয়াহু ও আইজেনকোটের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রেসিডেন্টের দফতর থেকে এই প্রক্রিয়ায় যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
এর আগে বৈঠকের একদিন আগে ইয়াশার পার্টির প্রধান আইজেনকোট প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, নেতানিয়াহু তাকে নিরাপত্তা ব্রিফিং দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ বিষয়ে তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপও চেয়েছিলেন। সে সময় অ-জরুরি সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে আইজেনকোট বলেছিলেন, এমন পদক্ষেপ ইসরাইলি গণতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। পাশাপাশি নিরাপত্তা প্রধানদের সাংবিধানিক সঙ্কটে না ফেলতে তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।