
নিউ ইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজনেরও বেশি মনে করেন যে ১১ সেপ্টেম্বরের (৯/১১) সন্ত্রাসী হামলা দেশটির প্রাপ্যই ছিল। বাকলি ইনস্টিটিউটের পরিচালিত এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া ২২ শতাংশ শিক্ষার্থী ‘আমেরিকার ১১ সেপ্টেম্বরের হামলা প্রাপ্য ছিল’- এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। ২০০১ সালে আল-কায়েদার পরিকল্পিত ওই নৃশংস হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে বিমান বিধ্বস্ত হয়ে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিলেন।
স্নাতক পর্যায়ের ৮০৩ জন মার্কিন শিক্ষার্থীর ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ শিক্ষার্থী ওই বক্তব্যের সাথে দ্বিমত জানিয়েছেন এবং ৬ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন বলে মত দিয়েছেন। উল্লেখ্য, ২৫ বছর আগে সংঘটিত সেই হামলার সময় জরিপে অংশগ্রহণকারী এই শিক্ষার্থীদের কারোরই জন্ম হয়নি। তা সত্ত্বেও তাদের ২২ শতাংশ আমেরিকা-বিরোধী সমালোচকদের মতোই অবস্থান নিয়েছেন।
বাকলি ইনস্টিটিউটের এই বার্ষিক জরিপে আরো দেখা গেছে, মার্কিন কলেজশিক্ষার্থীরা আগের যেকোনো সময়ের চেয়ে সমাজতন্ত্রের দিকে বেশি ঝুঁকেছেন এবং ইসরাইলবিরোধী মনোভাব পোষণ করছেন। কোন অর্থনৈতিক ব্যবস্থায় বসবাস করতে পছন্দ করবেন- এমন প্রশ্নের জবাবে ৪২ শতাংশ শিক্ষার্থী সমাজতন্ত্রের পক্ষে মত দিয়েছেন, যেখানে পুঁজিবাদের পক্ষে মত দিয়েছেন মাত্র ২৮ শতাংশ এবং ৩০ শতাংশ কোনো মতামত দেননি।
গত পাঁচ বছর ধরে চলা এই প্রশ্নে সমাজতন্ত্রের পক্ষে ১৪ পয়েন্টের এই ব্যবধান এখন পর্যন্ত সর্বোচ্চ। জরিপে অংশ নেয়া প্রায় অর্ধেক বা ৪৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন, কিউবা ও সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতান্ত্রিক দেশগুলো নিখুঁত না হলেও যুক্তরাষ্ট্রের মতো পুঁজিবাদী দেশের চেয়ে উন্নত অর্থনৈতিক মডেল দেয়। অন্যদিকে, মাত্র ৩৩ শতাংশ শিক্ষার্থী মার্কিন পুঁজিবাদকে উন্নত মডেল বলে মনে করেন। গত এক বছরে শিক্ষার্থীদের মধ্যে ইসরাইলের প্রতি বৈরিতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের জন্য কোনো দেশটি ভালো মিত্র- এমন প্রশ্নে ৩৮ শতাংশ শিক্ষার্থী ফিলিস্তিন এবং ২৫ শতাংশ ইসরাইলের কথা বলেছেন।
গত বছরের তুলনায় দেশটির প্রতি সমর্থন ৯ পয়েন্ট কমেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বর্ণবাদ এখনো একটি প্রাতিষ্ঠানিক সমস্যা বলে আগের চেয়ে বেশি শিক্ষার্থী বিশ্বাস করেন। দেশটিতে বর্ণগত সমতার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ৫০ শতাংশ শিক্ষার্থী জানান, আমেরিকা অবিচ্ছেদ্যভাবে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সাথে যুক্ত এবং অধিকাংশ সংখ্যালঘু মানুষই সমতার প্রতিশ্রুতি থেকে বঞ্চিত। জরিপ অনুযায়ী, মাত্র ৩৯ শতাংশ শিক্ষার্থী বিশ্বাস করেন যে আমেরিকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরো বেশি মানুষের কাছে সমতার প্রতিশ্রুতি পৌঁছে দেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








